চট্টগ্রাম নগরে ১০ বছর আগে ভয়াবহ পাহাড়ধসে নিহতদের গতকাল রোববার স্মরণ করা হয়েছে। এ উপলক্ষে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ২০০৭ সালের ১১ জুন নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ভয়েস, কারিতাস ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা পাহাড়গুলোকে স্থায়ীভাবে বসতিমুক্ত করা ও নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানান। এ ছাড়া ১১ জুন জাতীয় পাহাড় রক্ষা দিবস ঘোষণার দাবিও জানানো হয়।
পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ইদ্রিস আলী, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান, সুনীল ধর, কারিতাসের কর্মকর্তা শ্যামল মজুমদার, এমদাদুল ইসলাম, বিএনপিএসের উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম, যুবনেতা উজ্জ্বল সিকদার, প্রকাশ সিকদার, সম্পদ রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা এলেই প্রশাসনের তোড়জোড় শুরু হয়। স্থায়ীভাবে পাহাড় থেকে বসতি উচ্ছেদের উদ্যোগ নেয়। ২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসে নগরের বিভিন্ন স্থানে ১২৭ জন নিহত হওয়ার পর সরকারের উচ্চপর্যায় থেকে নানা কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে পাহাড়ধসে মৃত্যুর মিছিল থামছে না।