নগরের বর্জ্যে মৃত্যুর মুখে নদ-নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার গৃহস্থালি, শিল্পকারখানা ও হাসপাতালের প্রায় তিন হাজার টন কঠিন বর্জ্য প্রতিদিন নালা-নর্দমা, খাল, জলাভূমি হয়ে নদীতে পড়ছে। এটি মোট বর্জ্যের প্রায় ৪০ শতাংশ। তা ছাড়া প্রায় প্রতিদিন সাড়ে ১৩ লাখ ঘনমিটার পয়োবর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি নদীতে গিয়ে পড়ছে। নগরের বর্জ্যে মৃত্যু​র মুখে পড়েছে রাজধানীর চারপাশে থাকা নদ-নদীগুলো। 

আজ সোমবার সকালে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত গোলটেবিল বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান এই তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, হাজারীবাগের ট্যানারি থেকে দৈনিক ২২ হাজার ঘন মিটার অপরিশোধিত বর্জ্য নদীতে পড়ছে। আর মৌসুম ভেদে এখান থেকে কঠিন বর্জ্য পড়ে ১০০ থেকে ২০০ টন। তৈরি পোশাক শিল্পকারখানার এক লাখ ২০ হাজার ঘনমিটার বর্জ্য নদীতে পড়ছে।
বিশ্ব পানি দিবস উপলক্ষে ‘ঢাকার চারপাশের নদীগুলোর দখল ও ভরাট চিত্র’ শীর্ষক এই প্রবন্ধটি উপস্থাপন করা হয়। রাজধানীর কলাবাগানে পবার মূল কার্যালয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
মূল প্রবন্ধে আবদুস সোবহান বলেন, ১৯৬০ সালে ঢাকায় জলাশয় ছিল ২৯৫২ হেক্টর ও নিম্নাঞ্চলের পরিমাণ ছিল ১৩৫২৮ হেক্টর। আর ২০০৮ সালে তা দাঁড়িয়েছে ১৯৯১ ও ৬৪১৫ হেক্টরে। যা ১৯৬০ সালের তুলনায় যথাক্রমে ৩২ ও ৫২ শতাংশ কম। প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়েছে, একই এলাকায় বারবার উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। উচ্ছেদ করা স্থান আবার ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে। ভূমিদস্যুরা প্রথমে কাঁচা, পরে সেমিপাকা ও পাকা স্থাপনা নির্মাণ করে দখল করছে। ব্যক্তি ও সরকারি মালিকানাধীন হাউজিং প্রতিষ্ঠানগুলো জলাশয় ও নিম্নাঞ্চল ভরাট করছে। এর ফলে নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, অপরিকল্পিত রাস্তাঘাট, বাঁধ নির্মাণ, দখল, দূষণসহ নানা কারণে নদীর তলদেশ ভরে যাচ্ছে। কমে যাচ্ছে নদীর নাব্যতা। দেশের প্রায় ১৪০টি নদ-নদী এখন মৃত প্রায়। ১৩-টি নদীর অস্তিত্ব এখন বিলীনের পথে। এভাবে চলতে থাকলে দেশের মানচিত্র থেকে এ সময় নদী অনেক নদীই হারিয়ে যাবে।
গোলটেবিল বৈঠকে বিআইডব্লিউটিএর সাবেক নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমদ বলেন, বাংলাদেশের নদীগুলোর জিপিএস ও স্যাটেলাইটের মাধ্যমে সীমানা চিহ্নিত করতে হবে। যাতে করে কেউ অবৈধভাবে দখল করতে না পারে।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান।