সাড়ে সাত শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবিতে কাল রোববার চট্টগ্রাম নগরের একটি মোড়ে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ নামের একটি সংগঠন।
সংগঠনের মুখপাত্র শিমুল গুপ্ত গতকাল শুক্রবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, ভ্যাট প্রত্যাহারের দাবিতে রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চট্টগ্রাম নগরের যেকোনো একটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করা হবে। তবে কোথায় কর্মসূচি পালিত হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
শিমুল গুপ্ত বলেন, একই দাবিতে ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম শহীদ মিনারে ‘রক্ত দেব, ভ্যাট দেব না’ কর্মসূচি পালন করা হবে।
গত বৃহস্পতিবার ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরের সিডিএ অ্যাভিনিউয়ের জিইসি মোড়ে অবরোধ করে সমাবেশ করেন। একই দাবিতে সীতাকুণ্ডের কুমিরায় প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়।