নগরের যত্রতত্র বর্জ্য, হুমকিতে পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের যত্রতত্র বর্জ্য পড়ে থাকায় পরিবেশ দূষিত হচ্ছে। এসব বর্জ্য থেকে জীবাণু ছড়িয়ে পড়ছে। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশনে নিয়মিত কর দিয়েও সুস্থভাবে রাস্তায় চলাচল করা যাচ্ছে না। এর জন্য অভিযোগকারীরা সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ (কনজারভেন্সি) বিভাগকে দায়ী করেন।
গতকাল মঙ্গলবার নগর ঘুরে দেখা যায়, অধিকাংশ স্থানে ডাস্টবিনের কোনো চিহ্ন নেই। সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখা হচ্ছে বর্জ্য। নগরের খালিশপুর, নতুনবাজার, জিলা স্কুলের সামনে, কদমতলা, পিটিআই মোড়, নিরালাবাজার, খুলনা সিটি ইমাজিং সেন্টারের পাশে, তেঁতুল তলার মোড়ে বর্জ্য পড়ে আছে দুপুর পর্যন্ত। এসব জায়গার বর্জ্য থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ওই সড়ক দিয়ে লোকজন মুখে রুমাল চেপে চলাচল করছেন।
পিটিআই মোড়ের পথচারী ফজলে রাব্বি বলেন, ‘পৃথিবীর কোনো দেশ নেই যে দিনের বেলায় বর্জ্য অপসারণ করা হয়। কিন্তু একমাত্র খুলনায় এটা দেখা যায়। এ জন্য পরিবেশ দূষিত হচ্ছে। রোজা-রমজানের সময় সড়ক দিয়ে চলাচল করা দুরূহ হয়ে যাচ্ছে।’
নিরালাবাজার এলাকায় পথচারী মহিত মজুমদার বলেন, এভাবে রাস্তার পাশে পড়ে থাকা বর্জ্য পচে নানা রকম রোগ-জীবাণুর সৃষ্টি হচ্ছে। তা ছাড়া রাস্তার পাশে এভাবে বর্জ্য পড়ে থাকলে চলাচল করা খুবই বিরক্তিকর। আর দুপুরে বর্জ্য ট্রাকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। কিন্তু দেখার কেউ নেই।
জিলা স্কুলের ছাত্র কামরুল ইসলাম বলেন, ‘ময়লার গন্ধে ক্লাসে বসে মনে হয়, এই বমি চলে এল। স্কুলের পাশে এভাবে ময়লা পড়ে থাকায় বাতাসে গন্ধ ক্লাসেও যায়।’
খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, ‘এটা সিটি করপোরেশনের কোনো দায়িত্বশীল কাজ নয়। এই ময়লা নেওয়ার সময় নগরে ছড়িয়ে পড়ছে আর প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে নগরের পরিবেশ নষ্ট হচ্ছে। করপোরেশনের দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।’
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান বলেন, ‘শহরে বর্জ্য ফেলার কোনো নির্দিষ্ট জায়গা নেই। এ কারণে ময়লা যেখানে-সেখানে ছড়িয়ে পড়ে। এরপর সূর্য ওঠার আগে নিয়ে যাওয়ার কথা। কিন্তু নেয় দুপুরবেলায়। তখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।’
খুলনা সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ (কনজারভেন্সি বর্জ্য অপসারণ) কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘করপোরেশন থেকে আটটি পয়েন্টে ময়লা ফেলার জন্য বড় ভাগাড় তৈরি করা হচ্ছে। জিলা স্কুল, নিরালা, পিটিআই মোড়সহ কিছু জায়গায় জমি না পাওয়ায় এগুলো তৈরি করা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি ওই সব জায়গায় জমি কিনে ভাগাড় তৈরি করতে। এগুলো তৈরি হলে কোনো সমস্যা থাকবে না।’