নগরের সন্তান হতে চান খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

নির্বাচিত হলে পিতা নয়, সন্তান¯হিসেবে নগরবাসীকে আলিঙ্গন ও শ্রদ্ধা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধোলাইপাড় গ্রিন হাউস কমিউনিটি সেন্টারে এক নির্বাচনী মতবিনিময় সভায় এ মনোভাবের কথা জানান সাঈদ খোকন। সভা আয়োজন করে শ্যামপুর থানা আওয়ামী লীগ। 

সাঈদ খোকন বলেন, ‘আমার পিতা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ নেত্রী শেখ হাসিনা ও ঢাকাবাসীর জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। আপনারাই আমার পিতা, অভিভাবক। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে নগরের পিতা নয়, সন্তান হিসেবে আপনাদের আলিঙ্গন করব, শ্রদ্ধা করব।’ 

দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত এই মেয়র প্রার্থীর ভাষ্য, ঢাকার সঙ্গে তাঁদের পরিবারের অর্ধ শতাব্দীর বন্ধন। এর স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী তাঁকে (সাঈদ খোকন) সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সমর্থন সবাই কাজে লাগাবেন বলে প্রত্যাশা তাঁর। 

সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন। বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক আবদুর রাজ্জাক, সাংসদ বেগম মুন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, শাহে আলম মুরাদ, সানজিদা খানম প্রমুখ।