নগরের সমস্যা সমাধানে সব সরকার অবহেলা দেখিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে দেশে নগরবাসীর সংখ্যা ছিল মোট জনসংখ্যার ১০ শতাংশ। এখন তা প্রায় ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। গ্রামের চেয়ে শহরে জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হারে বাড়ছে। কিন্তু গ্রামের দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে অনেক উদ্যোগ থাকলেও নগরে দারিদ্র্যের ব্যাপারে কোনো সরকারই প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। বরং সবগুলো সরকার নগরের সমস্যাগুলোর প্রতি অবহেলা দেখিয়েছে।গত শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে ব্র্যাক ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী দিনে বক্তারা এসব কথা বলেছেন। শহরের বস্তিসহ অন্যান্য এলাকায় স্বাস্থ্যসেবা আরও ফলপ্রসূ করার কর্মকৌশল নির্ধারণের উদ্দেশে দেশ-বিদেশের নীতি-নির্ধারক, উন্নয়ন সংস্থা ও গবেষকেরা সম্মেলনে অংশ নেন।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের সরকারই নগরের সমস্যাকে অবহেলা করেছে। নগরের দরিদ্রদের আবাসন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আবাসন প্রকল্পের ৩০ শতাংশ নগরের দরিদ্রদের জন্য বরাদ্দ রাখার সুপারিশ করেন ফজলে হাসান আবেদ।সম্মেলনে নীতি বিষয়ে পর্বে বিশেষ অতিথির বক্তব্যে সেন্টার ফর আরবান স্টাডিসের (সিইউএস) চেয়ারম্যান ও নগরবিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশে বিভিন্ন সরকারের আমলে নগরায়ণবিষয়ক অনেক নীতি ও কৌশল তৈরি হয়েছে। কিন্তু কোনো সরকারই তা বাস্তবায়ন করেনি। সভাপতির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, নগরের বস্তিবাসীর বেশির ভাগ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়। আর নীতি-নির্ধারক মহল সব সময়ই তাদের উপস্থিতি এড়িয়ে যান।দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ বলেন, ঢাকার বস্তিবাসীদের পানি ও পয়োনিষ্কাশনসহ অন্যান্য সুবিধা নেই বললেই চলে। প্রায় দেড় কোটি নগরবাসীর জন্য মাত্র ৯৬টি গণশৌচাগার আছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকার চারপাশের সবগুলো নদী দূষিত হয়ে পরিশোধনের অযোগ্য হয়ে পড়েছে। বস্তিবাসী একদিকে ওয়াসার পানি সরবরাহ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নদী থেকে পানি সংগ্রহ করতে পারছে না।সম্মেলনের প্রথম পর্বে রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতার সঞ্চালনায় সম্মেলনে ডিএফআইডির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক পরামর্শক শেলিনা আহমেদ, সিইউএসএর প্রকল্প পরামর্শক সালমা আউয়াল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইয়ুবুর রহমান খানসহ বিভিন্ন দেশ থেকে আসা নগর বিশেষজ্ঞরা অংশ নেন।