নগরের সর্বত্র উৎসাহ-উদ্দীপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন আজ। তাই নগরবাসীর মধ্যে নির্বাচন নিয়ে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কেমন মেয়র চান গাজীপুরবাসী? আর নির্বাচন নিয়েই বা তাঁরা কী ভাবছেন? সেসব জানতেই গতকাল কথা হয় গাজীপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে।যেকোনো মূল্যে একটি সুষ্ঠু নির্বাচন চান নগরবাসী। এরপর একজন যোগ্য মেয়র চান, যিনি সবাইকে নিয়ে এই নগরকে একটি আধুনিক নগরে পরিণত করবেন। তাঁদের মতে, গাজীপুর একটি অপরিকল্পিত নগর। জলাবদ্ধতা, জঞ্জাল আর যানজট এই নগরের ভয়াবহ সমস্যা। নতুন মেয়র এগুলো দূর করবেন এমনটা চান নগরবাসী।গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী বলেন, ‘যাঁকে আমাদের কাছে যোগ্য মনে হবে, আমরা তাঁকেই নির্বাচিত করব। তাঁর কাজ হবে একটি মহাপরিকল্পনা নিয়ে গাজীপুরকে ঢেলে সাজানো।’ শহরের শিববাড়ী এলাকায় কথা হয় ভাওয়াল বদরে আলম কলেজের ছাত্র ইলিয়াস সরকার, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেনসহ আরও অনেকের সঙ্গে। ইলিয়াস বলেন, ‘গাজীপুরবাসী এমন একজন মেয়র চান, যিনি মানুষের কথা ভাববেন। যাঁকে সব সময় কাছে পাওয়া যাবে।’ ইলিয়াসকে সমর্থন দিলেন তাঁর বন্ধুরা। শহরের রাজবাড়ী এলাকার ব্যবসায়ী সজল খালেদ বলেন, ‘নির্বাচনের পর অনেকেই ফল মানতে চান না। আমরা চাই জয়-পরাজয় যাই হোক, সবাই ফল মেনে নেবেন।’ গাজীপুরের নারী ভোটারদের চাওয়াটা একটু ভিন্ন। শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকার গৃহবধূ তানিয়া আক্তার বলেন, ‘সমাজে নারীরা এখনো অনেক অবহেলিত। তাই এমন একজন মেয়র চাই, যিনি নারীদের উন্নয়নে কাজ করবেন।’ বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হান্নান সরকার বলেন, ‘আমরা চাই গাজীপুর একটি তথ্যপ্রযুক্তিনির্ভর নগর হোক। গড়ে উঠুক তথ্যপ্রযুক্তিকেন্দ্র। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ওয়াইফাই থাকুক।’ গাজীপুর শহরের মানুষের দাবি থেকে একটু ভিন্ন দাবি জানালেন প্রান্তিক এলাকার বাসিন্দারা। সিটি করপোরেশনের মধ্যে পড়লেও লক্ষ্মীপুর এলাকা অনুন্নত। অনেক জায়গায় বিদ্যুৎ নেই। এই এলাকার বাসিন্দারা চান তাঁদের এখানেও উন্নতির ছোঁয়া লাগুক।