নগরের সুযোগ-সুবিধা শিশুবান্ধব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরীতে শিশুদের পর্যাপ্ত বিনোদন ও খেলাধুলার সুযোগ নেই। ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। যাতায়াতব্যবস্থাও শিশুর উপযোগী নয়। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে ঢাকাকে এখনো বাসযোগ্য ও শিশুবান্ধব করে গড়ে তোলা সম্ভব।
গতকাল বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) মিলনায়তনে ‘শিশুবান্ধব নগর পরিকল্পনা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বিআইপি এবং সেভ দ্য চিলড্রেন যৌথ উদ্যোগে বৈঠকটি আয়োজন করে।
বৈঠকে বক্তারা বলেন, নগর-পরিকল্পনায় অবকাঠামো উন্নয়নকে যতটা গুরুত্ব দেওয়া হয়, শিশুদের খেলার মাঠ, পার্ক ও বিনোদনব্যবস্থার উন্নয়ন সেভাবে প্রাধান্য পায় না। শিশুদের সড়ক পারাপারে জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা নেই। নগরীর শব্দদূষণ ও বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব শামসুল আলম বলেন, দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশু। শিশুরা ঘরে-বাইরে সহিংসতার শিকার হচ্ছে। তাদের বিষয় মাথায় রেখেই সপ্তম পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা প্রকল্পে শিশুদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।
নগর উন্নয়নে যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেগুলোতে শিশুরা প্রাধান্য পাচ্ছে না বলে মন্তব্য করেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আবু সাদেক। তিনি বলেন, পৃথকভাবে শিশুবান্ধব নগর বলতে কিছু নেই। নগরীতে বয়স্ক নাগরিক, নারী, প্রতিবন্ধী সবার জন্য সমান সুযোগ থাকতে হবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শিশুবান্ধব নগর গড়ার প্রতি জোর দেন। পরিকল্পনা ভালো হলেও বাস্তবায়নের হার কম হওয়ায় সুফল পাওয়া যাচ্ছে না বলে মনে করেন বিশ্বব্যাংকের প্রজেক্ট অ্যানালিস্ট ঈশিতা আলম। তিনি বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিশুদের বিষয়ে অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু বাস্তবায়নের চিত্র খুব একটা ভালো নয়। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা নগরে অবকাঠামো বলতে শুধু সড়ক, পয়োনিষ্কাশন নালা সংস্কার বোঝেন।
নগর-পরিকল্পনার সময় শিশুদের চোখে নগরকে দেখার পরামর্শ দেন বিআইপির যুগ্ম সম্পাদক আদিল মোহাম্মদ খান। তিনি বলেন, শিশুরা তাদের ভালোমন্দ বুঝতে পারে। নগর-পরিকল্পনায় শিশুদের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায় সেটি ভাবতে হবে। নিম্ন আয়ের শিশু, প্রতিবন্ধী শিশু একেকজনের চাহিদা একেক রকম। পরিকল্পনার সময় সবার চাহিদা মাথায় রাখতে হবে।
বক্তারা শিশুবান্ধব নগর গড়তে পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে সঠিক পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়নে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা, পরিকল্পনার বাস্তবায়ন, সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো, নাগরিকদের সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহাবুবা নাসরিন। বিআইপির সভাপতি এ কে এম আবুল কালামের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব মীর্জা আলী আশরাফ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আলী আখতার হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।