রংপুরে অধিকাংশ ইজিবাইকের (ব্যাটারিচালিত তিন চাকার যান অটোরিকশা) নিবন্ধন নেই। শহরে তিন হাজার ৩১০টির নিবন্ধন থাকলেও চলাচল করছে প্রায় ছয় হাজার ইজিবাইক। অদক্ষ চালক ইচ্ছেমতো চালানোর কারণে নগরের সড়কগুলো ইজিবাইকের দখলে চলে গেছে। এতে সৃষ্টি হচ্ছে যানজটের।
সিটি করপোরেশন থেকে জানা যায়, ২০০৯ সালে রংপুরে ইজিবাইকের চলাচল শুরু হয়। ধীরে ধীরে বাড়তে থাকে এর চাহিদা। ওই বছর তিন হাজার ৩১০টি যানকে নিবন্ধন দেওয়া হয়। শুরুতে অটোরিকশাপ্রতি তিন হাজার টাকা করে নিবন্ধন ফি নেওয়া হয়েছে। আর প্রতিবছর নবায়ন ফি নির্ধারণ করা হয় দেড় হাজার টাকা। এ ছাড়া গাড়ি চালানোর লাইসেন্স ফি নেওয়া হয় ৩০০ টাকা।
সিটি করপোরেশনের কারও কারও মতে, নতুন করে নিবন্ধন দেওয়া না হলেও নগরে এখন প্রায় ছয় হাজার ইজিবাইক চলাচল করছে। গত বছরের জুন মাসে অবৈধ ইজিবাইক জব্দ করতে অভিযান শুরু করা হলে এর সংখ্যা কিছুটা কমে যায়। কিন্তু অভিযান থেমে গেলে আবারও আগের অবস্থায় ফিরে আসে।
নগরের জাহাজ কোম্পানি মোড়, আদালতপাড়া, মেডিকেল মোড়, মাহিগঞ্জ, সাতমাথা, সিটি বাজার, বাংলাদেশ ব্যাংকের মোড়, রেলওয়ে স্টেশন, লালবাগ, কামারপাড়া বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, পার্কের মোড়, মডার্ন মোড়, শাপলা চত্বরসহ নগরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, অটোরিকশাগুলো অস্থায়ী স্ট্যান্ড তৈরি করেছে। এসব স্থানে অটোরিকশার আধিক্যের কারণে শহরে লেগে আছে যানজট। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। যানটিতে কম খরচে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারলেও যানজটে নাকাল হচ্ছে নগরবাসী।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য চিকিৎসক মফিজুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীন অটোরিকশার সংখ্যা বেড়ে গেছে। এ ছাড়া চালকেরাও অদক্ষ। রাস্তার মধ্যে যেখানে-সেখানে অটোরিকশাগুলো দাঁড়িয়ে থেকে যানজট বাড়াচ্ছে।
শহরের জুম্মপাড়ার ব্যবসায়ী মুন্মি মুজিব বলেন, অটোরিকশার জন্য শহরে প্রায়ই যানজট দেখা দেয়। এতে জনসাধারণের দুর্ভোগের শেষ নেই।
সিটি করপোরেশনের লাইসেন্স শাখার পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, আগের মেয়র ২০০৯ সালে এই অটোরিকশাগুলোর নিবন্ধন দিয়েছিলেন। পরে আর কোনো অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়নি। বর্তমানে নিবন্ধনহীন অটোরিকশা চলাচলের বিষয়ে আটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কবির জানান, অবৈধ অটোরিকশা ধরতে শিগগিরই অভিযান শুরু করা হবে।