চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় নিয়মিত অন্তত ১৬টি অবৈধ পশুর হাট বসে। এসব হাট উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের আন্দরকিল্লায় নগর ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকালের সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক, সালেহ আহমদ চৌধুরী, মোরশেদ আকতার চৌধুরী, মো. মোবারক আলী, মো. আজম ও মো. জাবেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, সহকারী এস্টেট কর্মকর্তা এখলাস উদ্দিন, নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক। এ ছাড়া সিটি করপোরেশনের অস্থায়ী পশু হাটের ইজারাদাররাও উপস্থিত ছিলেন সভায়।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ পশুর হাটগুলো হচ্ছে নগরের ফতেয়াবাদ সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়ের পাশে ছড়ার পাড় এলাকার পশুর বাজার, চৌধুরী হাট, অক্সিজেনের শহীদ নগর এলাকা, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ-সংলগ্ন বেলতলা এলাকা, দক্ষিণ পতেঙ্গার নাজির পাড়া বাজার, কাঠগড় বাজারের পশ্চিম পাশে মুসলিমাবাদ এলাকা, ফইল্যাতলী বাজারের পশ্চিম পাশে খালপাড় সংলগ্ন এলাকা, কর্নেলহাট বাজারের পশ্চিম পাশ এলাকা, কর্নেলহাট শাহির পাড়া পুকুর সংলগ্ন বাজার, দেওয়ানহাট রেললাইন-সংলগ্ন এলাকা, বন্দরটিলা হাসপাতালের পশ্চিম পাশের বাজার, খাজা রোড-সংলগ্ন এসএমসি স্কুলের পাশে বাজার, কালা মিয়া বাজারের পশুর বাজার, বহদ্দারহাট পুকুর পাড় এলাকা, বলির হাট পশুর বাজার, নোমান কলেজের সামনের পশুর বাজার।