নগরের ২০টি স্থানে একই সময়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের দরপত্রে শর্ত পরিবর্তন করে একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে নগরের ২০টি স্থান থেকে একই সময়ে বিক্ষোভ প্রদর্শন করেছে বন্দর রক্ষা পরিষদ। গতকাল সোমবার বেলা ১১টায় এসব স্থানে বিক্ষোভ করা হয়। বন্দর কর্মচারী পরিষদ, ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও শ্রমিক নেতারা এই বিক্ষোভে অংশ নেন।জানা গেছে, বেলা ১১টায় বন্দর ভবনের সামনের রাস্তায় সমাবেশ করেন বন্দর কর্মচারী পরিষদের নেতারা। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতারাও অংশ নেন। একই সময় ইপিজেড মোড়, দেওয়ানহাট মোড়, জিইসি মোড়, নিউমার্কেট মোড়, বহদ্দারহাট, মুরাদপুর, আদালতপাড়া, লালদীঘি ময়দানসহ ২০টি স্থানে বিক্ষোভ হয়। এসব স্থানে প্রচারপত্র বিলি এবং ৯ সেপ্টেম্বর লালদীঘি ময়দানে সমাবেশ সফল করতে মাইকিং করা হয়। সমাবেশের আগে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।এসব স্থানে বক্তব্য দেন বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকার, ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ প্রমুখ। এ ছাড়া ইপিজেড মোড়ে ৪৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোটারিয়ান মো. ইলিয়াছ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, শ্রমিক নেতা বখতেয়ার উদ্দিন খান, ছাত্রলীগ নেতা আজিজুর রহমান ও মেজবাহ উদ্দিন মোর্শেদ প্রমুখ বক্তব্য দেন। প্রসঙ্গত, ৫৮২ কোটি টাকার নিউমুরিং কনটেইনার টার্মিনালের ২০ বছর বেসরকারি পরিচালনার যে দরপত্র আহ্বান করা হয়েছে সেখানে ১২টি গুরুত্বপূর্ণ শর্ত পরিবর্তন করা হয়েছে। নিয়ম ভেঙে এসব শর্ত পরিবর্তন করে একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য করা হয়েছে অভিযোগ করে আন্দোলন করছেন সাবেক মেয়র ও বন্দর উপদেষ্টা কমিটির সদস্য এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গত ৩০ আগস্ট এই দরপত্রে পাঁচটি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিটের একটি রিভিউ প্যানেলে বিষয়টির শুনানি চলছে।