নগরের ২৪ সরকারি স্কুলে ভর্তি ফরম বিতরণ শুরু
রাজধানীর বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির তোড়জোড় শুরু হয়েছে। নগরের ২৪টি সরকারি বিদ্যালয়ে (সংযুক্ত প্রাথমিকসহ) গতকাল শনিবার ভর্তি ফরম বিতরণ শুরু হয়। শুক্রবার বাদে ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া হবে।ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোকুল চন্দ্র দাস গতকাল প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ফরম বিতরণ করা হচ্ছে। এবার ফরমের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনছান আলী বলেন, তাঁদের বিদ্যালয়ে তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। গতকাল বিক্রি হয়েছে ৪৪০টি ফরম। আগের মতো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন এই ২৪টি বিদ্যালয়কে ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিনটি গুচ্ছে ভাগ করে লটারি ও ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনটি গুচ্ছের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে যথাক্রমে ১৪, ১৫ ও ১৭ ডিসেম্বর। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি হবে ২৭ ডিসেম্বর। প্রসঙ্গত, এই ২৪টি বিদ্যালয়ের ১৩টিতে প্রথম শ্রেণী আছে। সরকারি নীতিমালা অনুযায়ী, সরকারি-বেসরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করতে হবে। নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। বেসরকারি বিদ্যালয়গুলোর মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে ভর্তির জন্য প্রাথমিক বাছাইয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম। ৮ ডিসেম্বর প্রাথমিক বাছাইয়ের ফল দেওয়া হবে। এরপর বাছাইকৃতদের নিয়ে লটারি করে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচিত করা হবে। লটারির তারিখ ৮ ডিসেম্বর জানানো হবে।এই বিদ্যালয়ে প্রায় এক হাজার ৫০০ আসনের বিপরীতে ১৩ হাজার ২০০ ফরম বিক্রি হয় বলে জানান অধ্যক্ষ।