নগরের ২৫ মোড়ে সিগন্যালে লাল বাতি দিনে-রাতে জ্বলে
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ে নূর আহমদ সড়কের মুখে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। গতকাল সোমবার বেলা সোয়া তিনটায় সেখানে লাল বাতি জ্বলছিল। তা দেখে কয়েকজন পথচারী রাস্তা পারাপারের চেষ্টা করে। কিন্তু সিগন্যাল বাতির সংকেত অনুসারে কোনো যানবাহন না থামায় তারা মাঝসড়কেই আটকে যায়।কাজীর দেউড়ি মোড়ে সড়কদ্বীপে দাঁড়িয়ে হাত তুলে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন ট্রাফিক পুলিশের দুই সদস্য। চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ ২৫টি মোড়ে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সিগন্যাল বাতি আধুনিকায়ন করা হলেও তা কোনো কাজে আসছে না।দিনে-রাতে সব সময় এসব সিগন্যাল বাতি জ্বলছে, কিন্তু ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ করছে হাত নেড়ে। তবে এই অব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক (যানবাহন) বিভাগ একে অন্যকে দূষছে।চসিক সূত্র জানায়, ‘বাণিজ্যিক রাজধানী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অধীনে সিগন্যাল বাতি আধুনিকায়নের কাজ শুরু হয়। চলতি বছরের এপ্রিলে দরপত্র আহ্বানের পর গত মে মাসে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সিকদার ট্রেডার্স। প্রকল্পের আওতায় নগরের ১০টি মোড়ে চীন থেকে আমদানি করা বিদ্যুৎ সাশ্রয়ী স্বয়ংক্রিয় এলইডি (লাইট ইমিটিং ডায়োড) বাতি স্থাপন করা হয়েছে। এর মধ্যে চারটি মোড়ে দিকচিহ্ন, পথচারী পারাপার ও সময় গণনার ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া নগরের বারিক বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত অন্য ১৫টি মোড়ে নতুন সিগন্যাল বাতি স্থাপন করা হয়েছে।ওয়াসার মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুর রশিদ বলেন, ‘কেউ তো বলেনি, কেন বাতি লাগানো হইছে। ট্রাফিকও হাত নাড়ে। আমরাও আগের নিয়মেই গাড়ি চালাই।’চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘যানবাহনের সংখ্যা ও চাপ অনুসারে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি না জ্বলায় অযান্ত্রিক উপায়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। চসিকের সঙ্গে চার মাস আগে হওয়া সভায় দূরনিয়ন্ত্রিত সিগন্যাল বাতি ও বাতির ব্যবস্থাপনার ভার চেয়েছিলাম। কোনোটিই হয়নি। এভাবে চললে প্রকল্পের পুরো টাকাই জলে যাবে।’এ বিষয়ে চসিকের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, সড়কে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব ট্রাফিক বিভাগের। তাদের দেওয়া সময়বিরতি অনুসারে সিগন্যাল বাতির স্বয়ংক্রিয় ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। এখন যদি তারা বলে, এই সময়বিরতি ঠিক নয়, তাহলে সংশোধন করা যেতে পারে। কিন্তু বাতি ব্যবস্থাপনার দায়িত্ব তাদের দেওয়া সম্ভব নয়।