নছিমন উল্টে ৯ শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার নছিমন উল্টে ৯ শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ছয়জনকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আহত শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে,, সরিষাবাড়ী পৌর এলাকার ইউরেকা কিন্ডারগার্টেন বিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর নছিমনে চড়ে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে মাইনবাড়ী সেতুর পূর্ব পাশে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নছিমনের নিচে পড়ে ১০ জন আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল উদ্দিন বলেন, গুরুতর আহত অপি সাহা (১৩), আবু তাহের (১২), কামরুন্নাহার (১০), জান্নাত (১০), আবির হাসান ও রাজকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই শিক্ষার্থী রায়হান আবির (১০) ও নিপুণ মিয়া (১২) এবং নছিমনের চালক কামরুল হাসান (৩৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। শিক্ষার্থী তমা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।