নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিঠু মোল্লা ওরফে বাবু (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মিঠু মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। ওই ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার উলপুর ইউনিয়নের কংশুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিঠু মোল্লা উলপুর ইউনিয়নের উলপুর গ্রামের সোহরাব মোল্লার ছেলে। তিনি উলপুরের এম এইচ খান ডিগ্রি কলেজের ডিগ্রির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে মিঠু মোল্লাসহ তিনজন উলপুর থেকে বৌলতলী যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ও নছিমনচালকসহ চারজন আহত হন।
আহত ব্যক্তিদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নছিমনচালক হুমায়ুন মোল্লাকে (৩০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। বাকি দুজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বলেন, উলপুর বাজার থেকে মোটরসাইকেলে বৌলতলী বাজারে যাচ্ছিলেন মিঠু ও আরও দুজন। পথে কংশুর এলাকায় একটি নছিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মিঠু নিহত হন এবং আহত হন তিনজন।