নছিমন-করিমন অবাধে চলাচলের আবদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার এক নছিমনচালককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। এর প্রতিবাদে ও মহাসড়কে নছিমন-করিমন চলাচলের দাবিতে গতকাল শুক্রবার পাবনার বেড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে।
সকাল ১০টার দিকে বেড়া বাসস্ট্যান্ড এলাকায় বেড়া ও সাঁথিয়া উপজেলার নছিমন-করিমন মালিক-শ্রমিকেরা এ মিছিল করেন।
নছিমন-করিমনের ১০-১২ জন মালিক ও শ্রমিক জানান, নছিমন-করিমন নিষিদ্ধ হলেও বেড়া-সাঁথিয়ার সড়ক-মহাসড়কে সেগুলো নির্বিঘ্নেই চলাচল করে। তবে বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত গঠন করে আবদুল আলিম নামের এক নছিমনচালককে জরিমানা ও কারাদণ্ড দেন। মূলত এ ঘটনার প্রতিবাদেই দুই উপজেলার নছিমন ও করিমনের মালিক-শ্রমিক এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাতে বাধা দেয়। এতে বাধ্য হয়ে মিছিলকারীরা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করে।
বেড়া উপজেলা নছিমন-করিমন কল্যাণ সমিতির সভাপতি লাল মিয়া বলেন, ‘আমাদের এক শ্রমিকের কাছ থেকে অন্যায়ভাবে জরিমানা আদায় করা হয়েছে। মূলত এর প্রতিবাদেই বিক্ষোভ মিছিল হয়েছে।’ সাঁথিয়ার ইউএনও শফিকুল ইসলাম বলেন, তাঁরা যদি বিক্ষোভ মিছিল করে থাকে তা হবে আইনবহির্ভূত কাজ।