নছিমন-করিমন চলছেই কুষ্টিয়ার মহাসড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় মহাসড়কগুলোয় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধ হয়নি। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে এসব অবৈধ যানের চলাচল অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে।
১০ ফেব্রুয়ারি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলাসহ ১০টি জেলার মহাসড়ক থেকে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও ভটভটি সাত দিনের মধ্যে প্রত্যাহার করার নির্দেশ দেন উচ্চ আদালত। এ-সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের (এসপি) কাছে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার চার মাইল এলাকায় দেখা গেছে, প্রতি দুই মিনিট পর পর পাঁচটি করে নছিমন-করিমন চলাচল করছে। এসব যানে মানুষের পাশাপাশি কাঠ, বাঁশসহ বিভিন্ন পণ্য বহন করা হচ্ছে। এর আগে সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চত্বরে ৫০টির বেশি নছিমন-করিমন রাখা হয়। পরে এসব যানে করে উপজেলা নির্বাচনের মালামাল সরবরাহ করাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও চলাচল করতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, উপজেলা চত্বর থেকে গ্রামের ভোটকেন্দ্রে যেতে নছিমন-করিমনের কোনো বিকল্প নেই। বাধ্য হয়েই তাঁরা এসব যানে করে যাচ্ছেন।
নছিমনচালকদের দাবি, ইচ্ছা করলেই নছিমন-করিমন বন্ধ করা যায় না। এই যানের চলাচল বন্ধ করা হলে এর সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে যাবে।
সরেজমিনে দেখা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঘেঁষে ভাদালিয়া এলাকায় শতাধিক কারখানায় এসব যান তৈরি হচ্ছে। কারখানাগুলোয় পুরুষের পাশাপাশি ১২ থেকে ১৩ বছরের শিশুরাও ঝুঁকি নিয়ে কাজ করছে। ওই কারখানা-সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি জানান, এসব কারখানা থেকে প্রতিদিন ১০০টির বেশি যান বিক্রি হয়ে দেশের ৬৪টি জেলায় ছড়িয়ে পড়ছে।
কুষ্টিয়ার এসপি মফিজ উদ্দীন আহম্মেদ জানান, এটা (নছিমন, করিমন) অবৈধ জিনিস। এসব যান প্রত্যাহারের বিষয়টি নিয়মিত প্রক্রিয়ার অংশ।