নছিমন-করিমনের দাপট কমছে না

পাবনার মহাসড়কগুলোয় দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নছিমন-করিমনসহ শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন। অবৈধ এসব যানবাহনের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের হিসাবমতে, নছিমন-করিমনের কারণে সড়ক দুর্ঘটনায় ১৫ বছরে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
নছিমন-করিমনগুলোর দুর্ঘটনার জন্য নির্মাণজনিত ত্রুটি ও চালকদের অদক্ষতা মূলত দায়ী। চালকদের অনেকেই অপ্রাপ্তবয়স্ক। তাদের লাইসেন্স থাকা তো দূরের কথা, ট্রাফিক আইন সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই। এ কারণে এসব আনাড়ি চালক নিজেরা যেমন দুর্ঘনায় পড়ছে, তেমনি মহাসড়কের অন্য যানবাহনগুলোকেও দুর্ঘটনায় পড়তে বাধ্য করছে। স্থানীয় ওয়ার্কশপে তৈরি বলে নছিমন-করিমনের ব্রেক, স্টিয়ারিং থেকে শুরু করে সবকিছুই দুর্বল। এগুলোর দৈহিক কাঠামোও ত্রুটিযুক্ত। এর ওপর এগুলোয় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ও মালামাল বহন করা হয়।
সম্প্রতি হাইকোর্ট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার মহাসড়ক থেকে নছিমন-করিমনসহ ইঞ্জিনচালিত ভটভটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
পরিবহনের মালিক ও শ্রমিকদের মতে, পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার মতো এত বেশি নছিমন-করিমন খুব কম এলাকায় দেখা যায়। এই দুই উপজেলায় চলাচলকারী নছিমন-করিমনের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি। নছিমন-করিমন বন্ধের দাবিতে পাবনা জেলা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন একাধিকবার আন্দোলন ও পরিবহন ধর্মঘট পালন করেছে। তার পরও অবৈধ এসব যানের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থাই নিচ্ছে না।
গত মঙ্গলবার বেড়া ও কাশীনাথপুর বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, মহাসড়ক ধরে অবাধে চলছে নছিমন ও করিমন। দুই বাসস্ট্যান্ডে ২০ থেকে ২৫ জন ব্যক্তি (মাস্টার) ব্যস্ত রয়েছেন চালকদের কাছ থেকে টাকা তোলায়। মাস্টাররা প্রতিটি নছিমন-করিমন থেকে পুলিশের কথা বলে মাসিক ৩৫০ টাকা ছাড়াও প্রতিদিন ১০ থেকে ২০ টাকা করে নিয়ে থাকেন।
বেড়া বাসস্ট্যান্ডে নস্কর আলী নামের এক মাস্টার জানান, বেড়া-কাশীনাথপুর, বেড়া-সাঁথিয়া ও বেড়া-বাঘাবাড়ী রুটে চারজন করে মাস্টার কর্মরত। এসব মাস্টার নছিমন-করিমনগুলোর শৃঙ্খলা বজায় রাখার কাজ করেন। এ জন্য পারিশ্রমিক হিসেবে প্রতিটি গাড়ি থেকে দৈনিক ১০ টাকা করে নেওয়া হয়। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক মাস্টার জানান, যে টাকা তোলা হয়, তার একটি অংশ পুলিশকে দেওয়া হয়।
বেড়া বাসস্ট্যান্ডে কথা হয় নছিমনচালক বাবু, নান্নু, রেজাউলসহ বেশ কয়েকজনের সঙ্গে। তাঁরা জানান, স্বল্প দূরত্বের মধ্যে—যেমন বেড়া-বাঘাবাড়ী, বেড়া-কাশীনাথপুর বা বেড়া-সাঁথিয়া—চলাচল করলে প্রতিদিন দুই স্ট্যান্ডে ১০ টাকা করে মোট ২০ টাকা দিতে হয়। কিন্তু বেশি দূরত্বের মধ্যে—যেমন বেড়া-পাবনা বা বেড়া-সিরাজগঞ্জ—চলাচল করলে প্রতিদিন ৮০ থেকে ১০০ টাকা দিতে হয়। এ ছাড়া মাসিক ৩৫০ টাকা তো আছেই।
বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, নছিমন-করিমনের চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নছিমন-করিমন থেকে অর্থ আদায়ের অভিযোগ কানে এসেছে। তবে এর সঙ্গে পুলিশের কোনো সংশিষ্টতা নেই। যাঁরা টাকা তুলছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।