নছিমন-করিমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মফস্বল শহর এবং গ্রামগঞ্জে শ্যালো-ইঞ্জিনচালিত যান নছিমন-করিমনের চলাচলের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে ওই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘নছিমন-করিমনের মতো যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আমার নির্বাচনী এলাকায়ও ঈদের আগের দিন দুর্ঘটনায় ছাত্রলীগের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন। এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। এসব যানবাহনের কোনো লাইসেন্স বা ফিটনেস সার্টিফিকেট নেই। আইন অনুযায়ী এসব যানবাহন চলাচল অবৈধ।’আবদুস সালাম জানান, নছিমন-করিমনের বিষয়টি আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকালের বৈঠকে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিদ্যমান আইন নিয়ে আলোচনা হয়। আনসারের পক্ষ থেকে বিদ্যমান আইনে কিছু সংশোধনী আনার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। কমিটি এসব প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করেছে।আবদুস সালামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, মির্জা আজম, মুজিবুল হক, হাবিবর রহমান, নুরুল ইসলাম ও সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।