নছিমন চালানো শিখতে গিয়ে কিশোর নিহত
যশোরের অভয়নগর উপজেলায় নছিমন চালানো শিখতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। গত শনিবার এ ঘটনা ঘটে। পিরোজপুর শহরে গতকাল রোববার যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়।যশোরের অভয়নগর উপজেলার বাশুয়াড়ি গ্রামে শনিবার সন্ধ্যায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন উল্টে নাইমুল ইসলাম (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে বাশুয়াড়ি গ্রামের মিজানুর রহমান শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে নাইমুল প্রতিবেশীর সদ্য কেনা নছিমন এনে চালানো শিখছিল। একপর্যায়ে নছিমনটি উল্টে গেলে এর চাপায় সে গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।বরিশাল থেকে পিরোজপুর বাসস্ট্যান্ডে এসে বাস থেকে নামার পর গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস আ. মোতালেব খান (৭০) নামে এক বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত মোতালেবের বাড়ি সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে। পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জানান, বাসটি আটক করা হয়েছে।