নছিমন বন্ধের দাবিতে মেহেরপুরে বাস ধর্মঘট
মেহেরপুর জেলা বাস মালিক সমিতি গতকাল শুক্রবার থেকে অভ্যন্তরীণ ও আন্তজেলা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে। ওই সমিতি বিভিন্ন সড়কে শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমন, করিমন, আলমসাধু ও ভটভটির চলাচল বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, নছিমন চলাচলে বাধা সৃষ্টি করায় গতকাল নছিমনের শ্রমিকেরা আমঝুপি বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা শাহাজাদি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন। খবর পেয়ে বাসের শ্রমিকেরাও নছিমনের শ্রমিকদের ধাওয়া করলে উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাঁরা অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন। সরকারের পক্ষ থেকে কয়েকবার প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছেন।