নছিমনচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১
নিখোঁজের ১৫ ঘণ্টা পর গতকাল রোববার সকালে নাটোরের লালপুর উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় লালপুর-বাঘা সড়কের পাশে এক নছিমনচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লালপুর থানা ও পরিবার সূত্রে জানা যায়, রাজশাহীর চারঘাট উপজেলার মিরগঞ্জ ভানুকর মহল্লার জহুরুল ইসলামের ছেলে জুয়েল ইসলামকে (৩২) তাঁর বন্ধু একই এলাকার রয়েদ মুন্সির ছেলে মাসুদ হোসেন গত শনিবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে দুজনই নিখোঁজ ছিলেন। গতকাল রোববার ভোরে মাসুদ ফোন করে জুয়েলের পরিবারকে জানান, জুয়েলকে ডাকাতেরা খুন করে লালপুরের মঞ্জিলপুকুর এলাকায় ফেলে রেখে গেছে। পরে লালপুর এলাকা থেকে পুলিশ জুয়েলের লাশ উদ্ধার করে মাসুদকে আটক করে।
লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মাসুদের স্ত্রীর সঙ্গে নিহত জুয়েলের পরকীয়ার সম্পর্ক ছিল। এরই জের ধরে জুয়েলকে হত্যা করা হয়েছে।
তবে মাসুদ আটক হওয়ার আগে স্থানীয় সাংবাদিকদের বলেন, জুয়েল ও তিনি লালপুর থেকে ফেরার পথে ডাকাতেরা মঞ্জিলপুরে তাঁদের আটকায়। তিনি পালাতে পারলেও ডাকাতেরা জুয়েলকে মেরে ফেলে।