নছিমনের চাপায় প্রাণ গেল দাদা-নাতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের আবদার রক্ষা করতে ঢাকার আশুলিয়ায় বেড়াতে যাবেন বৃদ্ধ রূপচান মণ্ডল (৭২)। সঙ্গে ছিল নাতি শাহিনুর (৫)। অবশেষে নাতিকে নিয়েই মেয়ের বাসায় যান তিনি। কিন্তু তাদের আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হয়নি। নছিমনের চাকায় পিষ্ট হয়ে দাদা আর নাতিকে পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে। 

রূপচান মণ্ডলের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচা-মারা গ্রামে। শাহিনুর তাঁর ছেলে উজ্জ্বল মণ্ডলের একমাত্র সন্তান। 

ঘটনার পর জনতা ওই নছিমনটি আটক করে এর চালক খোকনকে পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষ আপস করে ফেলায় তাঁকে আর বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে না।      

আশুলিয়া থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দিন তিনেক আগে নাতি শাহিনুরকে সঙ্গে নিয়ে আশুলিয়ার নিরিবিলি এলাকায় মেয়ে জয়গুন বেগমের বাসায় বেড়াতে যান রূপচান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাঁরা আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নবীনগরগামী একটি নছিমন একটি হিউম্যান হলারকে অতিক্রম করতে গিয়ে দাদা ও নাতিকে চাঁপা দেয়। ঘটনাস্থলে নিহত হন তারা। পরে জনতা চালকসহ নছিমনটিকে আটক করে পুলিশে দেয়।

জয়গুনের স্বামী আবুল হোসেন বলেন, শিশু শাহিনুরকে নিয়ে তাঁর শ্বশুর ও তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাত্ করে নছিমনটি শাহিনুর ও রূপচান মণ্ডলের ওপর তুলে দেয়। এ সময় অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেলেও মারা যান তাঁর শ্বশুর ও শাহিনুর। তিনি জানান, ঘটনার পর পুলিশের মধ্যস্থতায় তাঁরা বিষয়টি আপস করে ফেলেন। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝে নিয়ে বাড়ি যান।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে রাজি না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর উভয় পক্ষ আপস করার কারণে চালক খোকনকে ছেড়ে দেওয়া হবে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।