নছিমনের ধাক্কায় অটোরিকশার চালক নিহত
সিরাজগঞ্জের সলঙ্গা-তাড়াশ সড়কের বনবাড়িয়া নামক স্থানে নছিমনের ধাক্কায় একটি অটোরিকশার চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম গোলাম হোসেন (৪০)। তিনি সলঙ্গা থানার জঞ্জালীপাড়া গ্রামের মেরু প্রামাণিকের ছেলে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাছবোঝাই একটি নছিমন ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বনবাড়িয়া ভোলার বটতলা নামক স্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার চালক সিটে বসে থাকা অবস্থায় নছিমনের চাপে ঘটনাস্থলেই মারা যান।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নছিমনটি আটক করতে পেরেছে। তবে নছিমনের চালক নছিমন রেখেই পালিয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে। নছিমনটির চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।