নছিমন-করিমন অবাধ চলাচল চান তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গ্রামীণ জীবনযাত্রার মান পরিবর্তনে নছিমন-করিমনের মতো যানবাহন ভূমিকা রাখছে। এ ধরনের যানবাহনের অবাধে চলাচল ও তার স্থায়ী সমাধানের জন্য বিষয়টি মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন তিনি।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অটোরিকশা-অটো টেম্পো মালিক-চালক সংগ্রাম পরিষদ আয়োজিত জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘গ্রামের কৃষকেরা তাঁর উৎপাদিত পণ্য এই নছিমন-করিমন যানবাহনের মাধ্যমে দ্রুত বাজারজাত করতে পারছেন। যার ফলে গ্রামের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে। হরতাল-অবরোধ ও আগুন-সন্ত্রাসের সময় যখন বাস-ট্রাক বন্ধ ছিল, তখন এই নছিমন-করিমন গ্রামীণ অর্থনীতির চাকা সচল রেখেছিল।
সরকারকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যেহেতু নছিমন-করিমনকে রাস্তায় চলাচলের জন্য লাইসেন্স দিয়েছেন। যদি রাস্তায় চলাচল করতে না দেন, তাহলে লাইসেন্স দিলেন কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে নছিমন-করিমনও বিশেষ ভূমিকা রাখছে।’
সংগঠনের আহ্বায়ক গোলাম ফারুকের সভাপতিত্বে জাতীয় কনভেনশনে আরও বক্তব্য রাখেন জাসদের সাংসদ নাজমুল হক প্রধান, বাসদের নেতা রাজেকুজ্জামান প্রমুখ।