নছিমন-করিমন জব্দ, কারখানা মালিকের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার দুবেরচর এলাকার একটি কারখানা থেকে গতকাল শনিবার ছয়টি নছিমন ও করিমন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ এ ঘটনায় কারখানার মালিক মো. আলী আহমেদকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে৷

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় জানায়, মহাসড়কে ৪০ কিলোমিটারের কম গতির যানবাহনের চলাচল নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে নছিমন, করিমন ও ভটভটি। এতে করে ভারী যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটছে৷ একই সঙ্গে ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায় গতকাল দুপুরে মহাসড়কের দুবেরচর এলাকা থেকে ছয়টি নছিমন ও করিমনসহ প্রিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক আলী আহমেদকে আটক করা হয়৷ পরে তাঁকে তিন মাসের সাজা দেন নির্বাহী হাকিম ও ইউএনও আ ন ম নাজিম উদ্দিন।

ইউএনও আ ন ম নাজিম উদ্দিন বলেন, ওই কারখানা ঘেরাও করে ভেতর থেকে ছয়টি নছিমন ও করিমন জব্দ করা হয়। একই সঙ্গে যান তৈরির সরঞ্জামও জব্দ করা হয়। কারখানার মালিককে তিন মাসের সাজা দেওয়া হয়। তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, অবৈধভাবে মহাসড়কে চলাচল করায় যানগুলো জব্দ করা হয়। একই সঙ্গে মালিককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গত কয়েক দিনে পুলিশ ১৮টি অবৈধ যান জব্দ করেছে৷