
কয়েক দিন পরই ঈদের আনন্দে মেতে উঠবে সারা দেশ। ঈদে নতুন পোশাক কেনার জন্য সব বয়সী মানুষ ভিড় করছে বিপণিবিতানগুলোয়। কিশোরগঞ্জ শহরের বিপণিবিতানগুলোয় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বিকিকিনি। সন্ধ্যার পর আলোকসজ্জায় পাল্টে যায় চিরচেনা জেলা শহরের চেহারা।
ভারতীয় ধারাবাহিকের নায়িকা এবং হিন্দি ছবির নামের নানা ধরনের পোশাক কিশোরগঞ্জের বাজার দখল করে রেখেছে। কিশোরী ও তরুণীরা বাহুবলী, বহ্নি, হুররম সুলতান, মোগল-ই-আজম, রাখিবন্ধনসহ বিভিন্ন নামের বাহারি পোশাক কিনছে। আর নারীরা দেশির পাশাপাশি ভারতীয় নানা ব্র্যান্ডের শাড়ির দিকে ঝুঁকছেন। ছেলেদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে বাহারি নকশার পাঞ্জাবি।
গত বুধবার কিশোরগঞ্জ শহরের বিভিন্ন বিপণিবিতান ঘুরে নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। পছন্দের জিনিস কিনতে ব্যস্ত ক্রেতারা। তবে এবার কিশোরগঞ্জের হাওর এলাকায় বন্যায় ফসল তলিয়ে যাওয়ার প্রভাব পড়েছে ঈদবাজারে।
এবার শাড়ির দোকানগুলোয় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ঢাকাই মসলিন, চিত্রা, বুটিক, বালুচরি, কাতান, জামদানিসহ বিভিন্ন ধরনের সিল্কের শাড়ি। এ ছাড়া বেনারসি কিংবা জামদানি শাড়ির পাশাপাশি ক্রেতারা ঝুঁকছেন ভারতীয় শাড়ির দিকে। ৫০০ থেকে ৩০ হাজার টাকায় শাড়ি বিক্রি হচ্ছে।
শহরের টপ টেনে মার্কেট করতে আসা ফারহানা রহমান বলেন, ‘এবার ঈদে শাড়ি–কাপড় থেকে শুরু করে সব জিনিসের দাম একটু বেশি। তারপরও নিজের, শাশুড়ি, স্বামী, সন্তানসহ আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা করেছি।’
কলেজের শিক্ষার্থী সাঈদা সুলতানা বলেন, ‘ঈদের জন্য একটি থ্রি-পিস কিনেছি। ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কসমেটিকস ও জুতা কিনেছি। তবে অন্যবারের চেয়ে দাম একটু বেশি।’
আনোয়ারা সুপার মার্কেটের ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, শিশু থেকে শুরু করে সব বয়সী ছেলেমেয়েদের পোশাক বিক্রি হচ্ছে। তবে দেশি পোশাকের চেয়ে বিদেশি পোশাকের দিকে ক্রেতারা বেশি ঝুঁকছেন।
শহরের নিউ মা গার্মেন্টের স্বত্বাধিকারী মো. রায়হান উদ্দিন ভুঞা বলেন, অন্য বছর রোজার প্রথম সপ্তাহ থেকেই মূলত ক্রেতাদের ভিড় থাকে। এবার বন্যায় হাওরে ফসল তলিয়ে যাওয়ায় প্রভাব পড়েছে ঈদবাজারে।