
শুরুতেই মনমাতানো নাচ। এরপর আবার মঞ্চজুড়ে নীরবতা। সবার চোখ র্যাম্পের দিকে। দর্শক, বিচারক, ডিজাইনার, সংবাদমাধ্যমের লোকজন সবাই অপেক্ষায়। অবশেষে বেজে ওঠে সুরলহরি। ‘লাজুক লতার মতো লজ্জাবতী’ শিরোনামের গানের সঙ্গে র্যাম্পে একে একে হেঁটে এলেন মডেলরা। শুরু হলো ফ্যাশন কিউ।

আটজন মডেল গানের ছন্দে হাঁটলেন র্যাম্পে। সবার পরনে বাঙালির চিরায়ত ঐতিহ্যের শাড়ি। প্রতি পদক্ষেপে সৌন্দর্যের ছটা। পরিধানের শাড়ি যেন হয়ে উঠছিল আরও মোহনীয়। শাড়ি ‘খ’ বিভাগের এ ফ্যাশন কিউর প্রতিটি শাড়িতেই ছিল উৎসবের রঙের ছোঁয়া।
ছেলেদের পাঞ্জাবির কিউ শুরু হয় এরপর। ‘শ্যামের বাঁশি’ গানের তালে তালে র্যাম্পে হেঁটে আসেন আটজন মডেল। তাঁদের পরনে ছিল সাদা, মেজেন্টা, ধূসর, লাল, সবুজ ও কালো রঙের কাজ করা পাঞ্জাবি। সঙ্গে কেউ পরেছিলেন চুড়িদার, কেউ জিনস। পাঞ্জাবিগুলোর কলার, কাঁধ থেকে হাত ও বুকের কাজ ছিল চোখে পড়ার মতো।
এরপর ‘নেশা লাগিলো রে’ গানের সঙ্গে র্যাম্পে আট মডেল প্রদর্শন করেন ‘ক’ বিভাগের শাড়ি। এই বিভাগের শাড়িগুলোতে বৈচিত্র্যময় কাজ চোখে পড়েছে। জমকালো রঙের মসলিন, জামদানি, সিল্ক, অ্যান্ডির শাড়িগুলোর পাড় ও আঁচলের কাজ ছিল চোখে পড়ার মতো। এসব শাড়িতে ছিল উজ্জ্বল রঙের প্রাধান্য।

‘ধিমতানা ধিমতানা’ গানের সঙ্গে শুরু হয় চতুর্থ কিউ। এবার প্রদর্শিত হয় সালোয়ার-কামিজ ‘ক’ বিভাগের পোশাক। প্রতিটি পোশাকেই ছিল সৃজনশীলতা ও অভিনবত্বের ছোঁয়া।
‘যত দূরে যেতে চাও’ গানের সঙ্গে শুরু হয় সালোয়ার-কামিজ ‘খ’ বিভাগের ফ্যাশন কিউ। এ বিভাগেও প্যাটার্নের ভিন্নতা দেখা যায়। এরপর ‘আর নেই ভালোবাসা’ গানের সঙ্গে ছেলেদের এবং ‘খুব চেনা চেনা’ গানের সঙ্গে মেয়েদের ফতুয়ার ফ্যাশন কিউ অনুষ্ঠিত হয়। ফতুয়ায় আরামদায়ক সুতি কাপড়ের ব্যবহার বেশি করেছেন ডিজাইনাররা।
এরপর ছাতা হাতে মঞ্চে আসেন এক মডেল। তাঁর সঙ্গে আরও সাত কিশোরী। শুরু ফিউশনের ফ্যাশন কিউ। এবারের ফিউশনে প্রদর্শিত আটটি পোশাকই ছিল নজরকাড়া। ‘তোমার ছোট্ট একটা বাড়ি’ গানের সঙ্গে এরপর শুরু হয় যুগল ফ্যাশন কিউ। আট জোড়া যুগল প্রদর্শন করেন বাহারি রঙের সব পোশাক। এসব পোশাকের মধ্যে ছিল পাঞ্জাবি, শাড়ি ও সালোয়ার-কামিজ। এভাবেই একে একে শেষ হয় নয়টি কিউ।