নজরদারিতে রিটার্নিং কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে পুলিশি নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ও অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে জেলা পুলিশ সুপার ওই কর্মকর্তাকে নজরদারিতে রাখার এবং বিষয়টি তদন্ত করার জন্য শিবচর থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন।শিবচরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা এ বি এম বশির উল্লাহ বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’পুলিশ সূত্র জানায়, ১৮ মে জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এক পত্রে ওই নির্দেশ দেন। এদিকে শিবচর থানা-পুলিশ গত মঙ্গলবার পুলিশ সুপারের নির্দেশটি হাতে পেয়েছে বলে নিশ্চিত করেছে।উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আবদুল মোতালেব মাদবর অভিযোগ করেন, ‘রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন প্রার্থীর কাছ থেকে সুকৌশলে অবৈধভাবে টাকা আদায় করছেন। নির্বাচন কমিশনের দেওয়া প্রার্থীর আবেদন ফরম ক-এর দ্বিতীয় অংশ সমর্থনকারীর ক্রমিক নম্বরে ভুলবশত প্রস্তাবকারীর ক্রমিক নম্বর ছাপা হয়। নির্বাচন কমিশনের দেওয়া ফরমে ভুলটা ছিল। অথচ রিটার্নিং কর্মকর্তা ওই স্থানে ভুলের কারণে প্রার্থীর ফরম বাছাইকালে আটকে দেন এবং কোনো সিদ্ধান্ত না দিয়ে তিন-চার দিন অমীমাংসিত রাখেন। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এভাবে অনেক প্রার্থীর কাছ থেকে তিনি টাকা আদায় করেছেন।’অপরদিকে শিরুয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আছমত আলী অভিযোগ করেন, ৮ মে প্রার্থী বাছাই শেষ হলেও ১৪ মে রিটার্নিং কর্মকর্তা তাঁকে কার্যালয়ে ডেকে নেন। মনোনয়ন ফরম বাতিল করা হবে এ ভয় দেখিয়ে টাকা দাবি করেন তিনি। তিনি (আছমত আলী) ১৪ মে প্রথমে পাঁচ হাজার এবং পরের দিন এক হাজার টাকা দিতে বাধ্য হন।নাম প্রকাশে অনিচ্ছুক শিরুয়াইল ইউপির এক চেয়ারম্যান প্রার্থী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন অনিয়মের মিথ্যা অজুহাত দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা বশির উল্লাহ আমার কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। নির্বাচনে অনেক টাকা ব্যয় হবে। ভোটারদের পেছনে টাকা ব্যয় করতে কষ্ট লাগে না। কিন্তু চাপ সৃষ্টি করে টাকা নিলে কষ্ট লাগে।’জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা আসলে চাচ্ছি ইউপি নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ হোক। নিলখী ও শিরুয়াইলের রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে কিছু অভিযোগ পেয়েছি। আমি ব্যাপারটি জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি এবং পুলিশকে তদন্ত করা ও নজরে রাখার জন্য বলেছি।’মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন মিয়া বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। যেহেতু ব্যাপারটা শুনেছি দেখব।’