নজরদারির তালিকায় বাংলাদেশ
বাংলাদেশে মানব পাচার পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। সরকারের তরফ থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হলেও পাচার বন্ধে প্রয়োজনীয় ন্যূনতম পদক্ষেপ পুরোপুরি নেওয়া হয়নি। গত মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানব পাচারবিষয়ক ‘ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট’-এ বাংলাদেশ নিয়ে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মানব পাচার বন্ধে সরকারের নেওয়া নানা পদক্ষেপকে ইতিবাচকভাবে নিয়ে এত দিন বাংলাদেশকে দুই নম্বর ধাপে রাখা হয়েছিল। কিন্তু সরকার মানব পাচার রোধে ন্যূনতম মান বজায় রাখতে পারেনি। এই অভিযোগ তুলে এক ধাপ নামিয়ে ‘দুই নম্বর ধাপের নজরদারিতে’ থাকা দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ তালিকার প্রথম ধাপে মানব পাচার প্রতিরোধে সফল রাষ্ট্রগুলো এবং দ্বিতীয় ধাপে মাঝামাঝি অবস্থায় থাকা রাষ্ট্র এবং তৃতীয় ধাপে ব্যর্থ রাষ্ট্রগুলোর নাম রয়েছে। কোনো রাষ্ট্রকে দ্বিতীয় থেকে তৃতীয় ধাপে নেওয়ার আগে নজরদারির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে ‘মানব পাচার দমন ও সুরক্ষা আইন-২০১২’ বাস্তবায়নের জন্য বিধি চূড়ান্ত করা এবং তা প্রয়োগে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ সরকার। ২০১৫-১৭ সালে মানব পাচার বিষয়ে একটি জাতীয় কর্মপরিকল্পনার রোডম্যাপ বাস্তবায়নের খসড়াও তৈরি করা হয়। তবে আগের বছরের তুলনায় প্রতিবেদন তৈরির বছরে সরকার সেই পদক্ষেপ বাড়াতে পারেনি। ওই বছরে মানব পাচারবিষয়ক অপরাধের তদন্ত, মামলা পরিচালনা ও অপরাধীর দণ্ড দেওয়ার বিষয়টিও কমে এসেছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের মানব পাচারে জড়িত থাকার বিষয়টি গুরুতর সমস্যাই রয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সীমান্ত এবং জনশক্তি-সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের অপরাধের অভিযোগ তদন্ত, মামলা ও দণ্ড দেওয়ার ক্ষেত্রেও সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে স্বরাষ্ট্রসচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘২০১৩ সালেও বাংলাদেশকে দুই নম্বর স্তরের নজরদারির তালিকায় নেওয়া হয়েছিল। পরে বাংলাদেশ সরকার মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ উল্লেখ করার মতো অনেক কাজ করেছে। পাচার রোধে জনসচেতনতা বাড়ানো, পাচার থেকে উদ্ধার করে তাদের পুনর্বাসনে সহায়তা দেওয়া থেকে শুরু করে এমন অনেক কাজ করা হয়েছে, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। ২০১৪ সালে বাংলাদেশ আবারও দুই নম্বর ধাপে ফিরে আসে। এরপর বাংলাদেশ থেকে মানব পাচার অনেক কমেছে। প্রতিবেদনটি যাঁরা প্রস্তুত করেছেন, তাঁদের কাছে হয়তো এসব তথ্য সঠিকভাবে পৌঁছায়নি। আশা করি তাঁরা এসব উদ্যোগ সম্পর্কে জেনে বাংলাদেশের অবস্থানকে পুনর্মূল্যায়ন করবেন।’
ওই প্রতিবেদনে বলা হয়, সরকারের শনাক্ত করা পাচারের শিকার ব্যক্তিদের সংখ্যাও কমে এসেছে। সরকার পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষার জন্য আনুষ্ঠানিক ব্যবস্থা নেয়নি। তাঁদের চাহিদা অনুসারে পুনর্বাসনের ব্যবস্থা করতেও ব্যর্থ হয়েছে সরকার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই প্রতিবেদনে আরও বলা হয়, সরকার শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অর্থ নিয়ন্ত্রণের লক্ষ্যে কয়েকটি দেশের সঙ্গে জনশক্তি রপ্তানি চুক্তি করেছে। পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই অবৈধভাবে অতিরিক্ত অর্থ নিয়ে শ্রমিকদের বিদেশে পাঠানোর জন্য পরিচালিত এজেন্সিগুলো মানব পাচারের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে নিবন্ধিত শ্রমিক নিয়োগ প্রতিষ্ঠানগুলো থেকে শ্রমিকদের ওপর চাপানো সব ফি তুলে নিতে এবং নিয়োগকর্তার কাছ থেকে পারিশ্রমিক প্রাপ্তি নিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। মানব পাচার-সংক্রান্ত মামলা ও সাজা বৃদ্ধি, বিশেষ করে শ্রম পাচারকারী ও ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পাচারের শিকার ব্যক্তিদের যথাযথ খেয়াল রাখার বিষয়ে একটি নির্দেশিকা তৈরির পরামর্শ দেওয়া হয়। মানব পাচারে জড়িত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।
বেসরকারি গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসনিম সিদ্দিকী বলেন, মানব পাচার নিয়ে কোনো দেশের অবস্থান মূল্যায়ন করার ক্ষেত্রে পাচারের সঙ্গে জড়িতদের শাস্তি ও বিচার না হওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটা পদ্ধতি হিসেবে ঠিক নয়। কেননা বিচার না হওয়ার বিষয়টি অনেক কিছুর ওপর নির্ভর করে। অপরাধীরা খুব কম ক্ষেত্রেই প্রমাণ রেখে এসব পাচারের কাজ করে। তা ছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বৈশ্বিক পরিসরে মানব পাচার প্রতিরোধে যেসব ভূমিকা নেওয়ার কথা, তা নিচ্ছে না।
স্বরাষ্ট্রসচিব বলেন, মানব পাচারকারীদের শাস্তি দেওয়াটা আইনের শাসন মেনেই করতে হবে। তাই অপরাধীদের যথাযথ শাস্তি দিতে দেরি হতে পারে। সেটা যাতে দ্রুত হয়, সেই উদ্যোগ সরকার নিচ্ছে।