নজরদারির পরও দাম বেড়েছে ৪-৬ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রীর ঘোষণার পরও রমজান মাসে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের। রংপুর নগরের বাজারগুলোতে প্রতিটি পণ্যের দাম বেড়েছে কেজিপ্রতি চার থেকে ছয় টাকা। যদিও প্রশাসন বলছে, তারা নিয়মিত বাজার তদারক করছে।
অথচ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রোজা শুরুর আগে বলেছিলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই। এক থেকে দেড় মাসের পণ্য মজুত রয়েছে।
গতকাল রোববার নগরের সিটি বাজার, মাহিগঞ্জ বাজার ও ধাপ বাজার ঘুরে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের বেশি দরে সবজিসহ অন্যান্য পণ্য কিনতে হচ্ছে, যার প্রভাব খুচরা বাজারে পড়েছে বলে জানালেন কয়েকজন ব্যবসায়ী।
সিটি বাজারে কেনাকাটা করতে আসা মুলাটোলের বাসিন্দা সিরাজউদ্দিন বলেন, প্রতিটি পণ্যের দাম গড়ে চার থেকে ছয় টাকা বাড়লেও এটি যেন স্থিতিশীল থাকে। জিনিসপত্রের দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেই মানুষের মধ্যে স্বস্তি থাকবে।
গতকাল ২০ টাকার পটোল ২৪ টাকা, ২৪ টাকার ঝিঙে ৩০ টাকা, ১৮ টাকার ঢ্যাঁড়স ২৪ টাকা, ২৬ টাকার কাঁকরোল ৩০ টাকা, ২০ টাকার বরবটি ২৪ টাকায় বিক্রি হয়েছে। সবচেয়ে দরকারি বেগুন বিক্রি হয়েছে ৩৬ টাকায়, যা রোজার আগে ছিল ৩০ টাকা।
তবে কাঁচা মরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। ২০ টাকার কাঁচা মরিচ ৪০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ১৫০ টাকার আদা ১৮০ টাকা, ২৪ টাকার পেঁপে ৩২ টাকা, ২৪ টাকার শসা ২৮ টাকা, ২০ টাকার কাঁচা কলা (এক হালি) ২৪ টাকা ও ৩২ টাকার করলা বিক্রি হয়েছে ৪০ টাকায়।
এ ছাড়া সয়াবিন তেল পাঁচ টাকা বেশি দরে ১০০ টাকায় (লিটারপ্রতি), মসুর ডাল (চিকন) পাঁচ টাকা বেশি দরে ১২০ টাকা, মসুর ডাল (মোটা) চার টাকা বেশি দরে ১০৪ টাকা, চিনি ছয় টাকা বেশি দরে ৪৬ টাকায় বিক্রি হয়েছে। আর ছোলা বিক্রি হয়েছে ৫৬ টাকায়।