ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মান কোর্সে প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অধ্যয়নের জন্য ১০০ নম্বরের একটি নতুন কোর্স চালু করা হয়েছে। এ জন্য বাংলা বিভাগের পাঠক্রম সংশোধন করা হয়েছে। শিক্ষার্থীরা কোর্সের দ্বিতীয় বর্ষে এ বিষয়টি পড়ার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সূত্র জানায়, এ বছর যাঁরা সম্মান কোর্সে ভর্তি হবেন, তাঁরা দ্বিতীয় বর্ষে গিয়ে নজরুল বিষয়ে অধ্যয়ন করতে পারবেন। ‘নজরুল সাহিত্য’বিষয়ক নতুন কোর্সে কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা ও চক্রবাক, উপন্যাস মৃত্যুক্ষুধা, আটটি ছোটগল্প এবং প্রবন্ধ, অভিভাষণ ও চিঠিপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মান কোর্সের জন্য মোট তিন হাজার নম্বরের পাঠক্রম তৈরি করা হয়েছিল। চার বছরের জন্য তৈরি করা সেই কোর্সে নজরুল অধ্যয়নের জন্য রাখা হয়েছিল মাত্র ১৬ দশমিক ৪ নম্বর। তার আগে নজরুল অধ্যয়নের জন্য বরাদ্দ ছিল ৫০ নম্বর। তখন বাংলা বিভাগের একাধিক শিক্ষক নতুন পাঠক্রমকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছিলেন। কিন্তু পাঠক্রম তৈরির জন্য গঠিত কমিটি তাঁদের আপত্তি আমলে নেয়নি।
এ বিষয়ে ২০১২ সালের ২৫ মে প্রথম আলোতে ‘তিন হাজার নম্বরের মধ্যে নজরুলের জন্য মাত্র ১৬’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সেই প্রতিবেদন ছাপা হওয়ার পরই কর্তৃপক্ষ পাঠক্রম সংশোধনের চিন্তাভাবনা শুরু করে। গত মে মাসে বাংলা বিভাগের একাডেমিক কমিটির সভায় পাঠক্রম সংশোধনের প্রস্তাব উপস্থাপিত হয় ও তা পাস হয়।
জানতে চাইলে বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর প্রথম আলোকে বলেন, নজরুল ইসলাম জাতীয় কবি নামে মাত্র। তাঁর চেতনা লালনে কোনো উদ্যোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজরুল বিষয়ে পৃথক কোনো কোর্স চালু করা হয়নি। অথচ সবাই নজরুলের চেতনা ধারণ করলে এ দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন থাকত না।
বাংলা বিভাগ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণাকেন্দ্রকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সৌমিত্র শেখরকে পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সৌমিত্র শেখর বলেন, ভবিষ্যতে নজরুল গবেষণাকেন্দ্রের জন্য পৃথক অবকাঠামো তৈরি করা হবে। সেখান থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ ও গবেষণার সুযোগ থাকবে।