নজরুল ইনস্টিটিউট বের করেছে ৫০০ গানের সিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইনস্টিটিউট ইতিমধ্যে আদি ও খাঁটি সুরে ৫০০ গানের সিডি বের করেছে। আরও ১ হাজার ৫০০ গানের সিডি বের হওয়ার পথে।

গতকাল শনিবার নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম এসব কথা জানান। গাজীপুর জেলা প্রশাসনের নাটমন্দিরে আয়োজিত নজরুল সম্মেলন ও নজরুলসংগীত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, সচিব আবদুর রহিম, উপপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে নজরুল ইনস্টিটিউটের কর্মকর্তারা জেলা প্রশাসকের মিলনায়তনকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ইকরাম আহমেদ বলেন, সমাজকে বদলানোর হাতিয়ার হলো সুস্থধারার সংস্কৃতি। কাজী নজরুল ইসলাম ছিলেন আপাদমস্তক একজন অসাম্প্রদায়িক কবি, গণতান্ত্রিক কবি, লোকমানুষের কবি। তাঁর চিন্তা-চেতনা সারা দেশে ছড়ানো উচিত, যার উদ্যোগ নিয়েছে নজরুল ইনস্টিটিউট।

একই দিন গাজীপুর জেলা প্রশাসনের নাটমন্দিরে প্রখ্যাত গায়িকা ফেরদৌস আরা জেলার শিশুশিল্পীদের নজরুলসংগীত প্রশিক্ষণ দেন। নজরুলসংগীত প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলার অর্ধশতাধিক শিশুশিল্পী, ওস্তাদ ও অভিভাবক অংশ নেন।