নজরুল ইনস্টিটিউটের নতুন ভবনের নকশা উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের প্রস্তাবিত নকশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এ সময় স্থপতি ইকবাল হাবিব ও ইসতিয়াক জহির পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন ভবনের নানা দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধবী হলে নকশা উপস্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রেস সচিব ইহসানুল করিম প্রমুখ।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রস্তাবিত আটতলা ভবনের বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরা হয়। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দেন।

স্থপতি ইকবাল হাবিব বলেন, ধানমন্ডির পুরোনো ২৮ নম্বরের ৩৩০ বি-তে বিদ্যমান পাঁচতলা ভবনটি ছয়তলায় উন্নীত করা হবে। বিদ্যমান ভবনের পাশাপাশি নতুন আটতলা কমপ্লেক্স ভবনের প্রস্তাব করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমপ্লেক্স ভবনের সামনে উদ্যান ও মঞ্চ থাকবে। যেটি রবীন্দ্রসরোবরের আদলে তৈরি করা হবে।