নজরুল-চন্দনসহ ছয়জনের লাশ শীতলক্ষ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন আগে অপহূত হন নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম। স্ত্রী-সন্তানের আশা ছিল, ফিরে পাবেন তাঁকে। ফিরে তাঁকে পেয়েছেন ঠিকই; তবে জীবিত নয়, লাশ হিসেবে। আজ বুধবার বিকেলে শীতলক্ষ্যায় ভেসে ওঠে নজরুলের মরদেহ। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে আজ বুধবার সন্ধান মিলেছে অপহূত কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দনকুমার সরকারসহ ছয়জনের লাশের। গত রোববার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত সাতজনের মধ্যে এখন শুধু কাউন্সিলর নজরুলের গাড়িচালক জাহাঙ্গীরের সন্ধান মেলেনি।

বাকি যে চারজনের লাশ শনাক্ত করা হয়েছে তাঁরা হলেন কাউন্সিলর নজরুল ইসলামের গাড়িতে থাকা তাজুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন ও লিটন এবং আইনজীবী চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ প্রথম আলোকে ছয়টি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহূতদের লাশ শীতলক্ষ্যা থেকে উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
অপহূতদের লাশ শীতলক্ষ্যা থেকে উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

ওসি জানান, কাউন্সিলর নজরুলের লাশ শনাক্ত করেন তাঁর ভাই আবদুস সালাম, স্বপনের লাশ শনাক্ত করেন তাঁর ভাই রিপন, ইব্রাহিমের লাশ শনাক্ত করেন তাঁর ভাই আবু বকর এবং তাজুলের ভাই আনিস তাঁর লাশটি শনাক্ত করেন। চন্দনকুমার সরকার ও লিটনের লাশও তাঁদের স্বজনেরা শনাক্ত করেন।

এর আগে আজ বুধবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে প্রথমে তিনটি লাশ ভেসে ওঠে। পরে আশপাশে আরও তিনটি লাশের সন্ধান মেলে।

বন্দর থানার ওসি এর আগে জানিয়েছিলেন, স্থানীয় লোকজন কলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিনটি লাশ ভেসে ওঠার খবর পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করে। লাশগুলো পচে গন্ধ বের হচ্ছিল। পরে আরও তিনটি লাশের সন্ধান পাওয়া যায়।

এদিকে অপহূতদের লাশ পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। শীতলক্ষ্যার তীরে স্বজনদের আহাজারি আর শোকের মাতম চলছে।

নারায়ণগঞ্জের কান্না
নারায়ণগঞ্জের কান্না