নজরুল ছিলেন সাম্যবাদের অনুরাগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল আহসান চৌধুরী
আবুল আহসান চৌধুরী

গতকাল বিকেল চারটায় কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, ‘নজরুলের কবিতায় প্রগতির কথা ছিল। জঙ্গিবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের শক্তিশালী হাতিয়ার নজরুলের সাহিত্য। নজরুলকে এই সময়ে আরও বেশি বেশি চর্চা করতে হবে।’
একক বক্তৃতা করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী। তিনি বলেন, ‘নজরুলের জীবনচেতনার মূলে মোচড় দিয়েছিলেন কমরেড মুজফ্ফর আহমদ। নজরুল ধীরে ধীরে দীক্ষিত কমিউনিস্ট না হলেও মুজফ্ফর আহমদের সাহচর্যে সাম্যবাদের প্রতি তাঁর অনুরাগ জন্মায় এবং ধীরে ধীরে তাঁর কবিতা পরিবর্তিত হয়। ক্রমেই রাজনীতিসংশ্লিষ্ট হন। সেই সুবাদে সমাজ ও স্বদেশকে তিনি নতুনভাবে আবিষ্কার করতে সক্ষম হন।’ সভাপতির ভাষণে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনীতে নজরুলের যাওয়াটা একটা আশীর্বাদরূপে কাজ করেছে। তিনি বিশ্বযুদ্ধের চেহারা দেখেছিলেন। তখন মধ্যপ্রাচ্য অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মধ্যপ্রাচ্যে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদীরা দখল করে। ভেঙে যায় অটোমান সাম্রাজ্য। নজরুল সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবিতা লিখলেন। আজও সেই মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদ চলছে। তাই এখনো মনে হয় নজরুল প্রাসঙ্গিক।’
বাঁশির সুরে রণজিৎ বিশ্বাস স্মরণ
রণজিৎ বিশ্বাস ফুল, রং ও সুগন্ধি ভালোবাসতেন। সারা জীবন মাটি, মানুষ ও মানবতার কথা বলেছেন। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আজীবন অনুগত থাকা এ মানুষটি ছিলেন সজ্জন ও নির্ভীক। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, নৃত্য ও আবৃত্তিকলা মিলনায়তনে সংগীতবিষয়ক পত্রিকা সরগম-এর আয়োজনে সাবেক জ্যেষ্ঠ সচিব রণজিৎ বিশ্বাস স্মরণানুষ্ঠানে বক্তারা এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম তাঁকে স্মরণ করেন বাঁশির সুরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। স্মৃতিচারণা করেন রণজিৎ বিশ্বাসের স্ত্রী কবি শেলী সেনগুপ্তা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের উপাচার্য লিয়াকত আলী, চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সবিহ্-উল-আলম। সভাপতিত্ব করেন কবি কাজী রোজী।