নজরুল জয়ন্তীতে দুই দিনের অনুষ্ঠান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী ও নজরুল একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নজরুল একাডেমির এই আয়োজনের সঙ্গে থাকবে নজরুলের বাংলাদেশে আসার ৪৫তম বার্ষিকী উদ্যাপনও। এ উপলক্ষে আলোচনা, একাডেমির পত্রিকা প্রকাশনা, সংবর্ধনা ও সংগীত অনুষ্ঠান হবে।
আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে অনুষ্ঠানের প্রথম দিন নজরুলচর্চায় অবদান রাখায় ‘নজরুল একাডেমি সংবর্ধনা ২০১৭’ দেওয়া হবে মোহাম্মদ আবদুল গফুরকে। সন্ধ্যায় থাকবে সমবেত ও একক কণ্ঠে নজরুলের গানের আয়োজন। সংগীত পরিবেশন করবেন বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত ও নজরুল একাডেমির শিল্পীরা।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল সাতটায় একাডেমির পক্ষে নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। বিকেল সাড়ে পাঁচটায় শিল্পকলা একাডেমির একই মিলনায়তনে থাকবে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং নজরুলকে নিয়ে আলোচনা ও সম্মাননা প্রদান। এ আয়োজনে গীত হবে নজরুলসংগীত এবং স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান। এ ছাড়া নজরুল একাডেমি সিরাজগঞ্জ শাখার ১০০ শিল্পী এ অনুষ্ঠানে সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে দুই দিনের এ আয়োজন নিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান। একাডেমির কোষাধ্যক্ষ মো. শাহাবুদ্দীন খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমির যুগ্ম সম্পাদক এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক রেজা মতিন প্রমুখ।