সাম্য ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে নগরে। কবিতা, গান, নাচ ও কথামালায় জাতীয় কবিকে স্মরণ করল বিভিন্ন সংগঠন।
থিয়েটার ইনস্টিটিউট: রোববার সন্ধ্যা। প্রচণ্ড গরমের পর প্রশান্তির বৃষ্টি। থিয়েটার ইনস্টিটিউটে মিলনায়তন বেজে ওঠে নজরুলের সুর। ইনস্টিটিউটের উদ্যোগে নজরুল জন্মবার্ষিকীর আয়োজনে ছিল আলোচনা সভা, সম্মাননা প্রদান, কবিতা, গান, পাঠ অভিনয়, নাচ ও গীতি আলেখ্য। অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা ও সম্মাননা প্রদান। এতে বরেণ্য নজরুল সংগীতশিল্পী জয়ন্তী লালাকে সম্মাননা দেওয়া হয়। শিল্পীকে সম্মাননাস্মারক প্রদান করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম এবং উত্তরীয় পরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপর চলে কথামালা।
অনুষ্ঠানের দ্বিতীয়পর্বের আয়োজন শুরু হয় বৃন্দ আবৃত্তি দিয়ে। রাশেদ হাসানের নির্দেশনায় ‘জয় নিপীড়িত জনগণ জয়’ শিরোনামের এ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন। তির্যক নাট্যদলের সদস্যরা নজরুলের ‘মধুমালা’ নাটক থেকে একে একে পাঁচটি গান পরিবেশন করেন। এরপর নজরুলের নাটক রাক্ষুসী থেকে পাঠ অভিনয় করেন শুভ্রা বিশ্বাস। অভিনয়ের পর মঞ্চ মাতাতে আসেন স্কুল অব ওরিয়েন্টাল ডান্সের সদস্যরা। তাঁরা ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতার সঙ্গে নাচ পরিবেশন করেন। তারুণের উচ্ছ্বাসের সদস্যরা পরিবেশন করেন শ্রুতিনাটক ঝিলিমিলি। আয়োজনের শেষ পরিবেশনা ছিল ‘মম এক হাতে বাঁকা বাশের বাঁশরী আর হাতে রণতূর্য’ গীতি আলেখ্যের পরিবেশনা। পরিবেশন করে ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার।
ডিসি পাহাড়: নগরের ডিসি পাহাড়ে সম্মিলিত নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের আয়োজনে গত রোববার বিকেলে ছিল নানা অনুষ্ঠানমালা। কুসুম ললিতকলা একাডেমির ‘নম নম নম বাংলাদেশ মম’ সমবেত সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর সোমা বোসের নির্দেশনায় নৃত্যম একাডেমির সদস্যরা পরিবেশেন করে ‘শুকনো পাতার নূপুর পায়ে’ ও ‘রিমঝিম রিমঝিম’ গানের সঙ্গে নৃত্য। এ ছাড়া আরও কয়েকটি সংগঠন নৃত্য পরিবেশন করে।
জেলা শিল্পকলা একাডেমী: জেলা শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় কবি নজরুল ইসলাম স্মরণায়োজন। বিকেল পাঁচটায় আলোচনা সভার মাধ্যমে সূচনা হয় নজরুল জয়ন্তীর অনুষ্ঠান। এতে মুখ্য আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের সমবেত সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিকপর্ব। এরপর একে একে নাচ, গান ও কবিতায় মেতে ওঠে শিল্পকলার মঞ্চ।