নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা পেলেন তিন গুণীজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে অবস্থিত নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শেষ দিনে গতকাল নজরুল গবেষণায় অবদান রাখার জন্য মাহবুবুল হকের (বামে) হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নানl ছবি: প্রথম আলো
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে অবস্থিত নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শেষ দিনে গতকাল নজরুল গবেষণায় অবদান রাখার জন্য মাহবুবুল হকের (বামে) হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নানl ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবির ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন গুণীজনকে সম্মাননা দিয়েছে। গতকাল শুক্রবার তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
এঁদের মধ্যে নজরুল গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ভারতের নজরুল গবেষক আজহারউদ্দীন খান ও নজরুলসংগীতে অবদান রাখার জন্য গায়ক খায়রুল আনাম শাকিল সম্মাননা লাভ করেছেন।
জাতীয় কবির ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গত বুধবার থেকে বিশ্ববিদ্যালয়টিতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বিকেলে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে শেষ দিনের অনুষ্ঠানে সম্মাননা পর্বে মাহবুবুল হক ও খায়রুল আনাম শাকিলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল মান্নান। তবে ভারতের নজরুল গবেষক আজহারউদ্দীন খান অনুষ্ঠানে আসতে পারেননি।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল মান্নান বলেন, নজরুল দুই বাংলার মানুষকে একসূত্রে গেঁথেছেন। সারা বিশ্বে যেসব বিশ্ববিদ্যালয়ে নজরুল নিয়ে গবেষণা হয়, সেসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আন্তযোগাযোগ স্থাপন করা হবে। এতে নজরুল আরও বেশি বিশ্বময় হয়ে উঠবেন।
মাহবুবুল হক তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘নজরুলকে নিয়ে আমি দীর্ঘ দিন ধরে গবেষণা করছি। আমাকে এ সম্মাননা দেওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান অন্যদের মধ্যে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী। তিনি বলেন, সাহিত্য চর্চার মাধ্যমে কবি নজরুল দুই বাংলার মানুষের মধ্যে যে সেতুবন্ধন তৈরি করছেন, তা অটুট থাকবে।
গতকালের অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান।