নজরুল বিশ্ববিদ্যালয়: 'প্রক্সি' দেওয়ায় দুই শিক্ষার্থীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বদলি পরীক্ষার্থী (প্রক্সি) হিসেবে অংশ নেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মিন্টু মিয়া ও আবুল কালাম।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের তৃতীয় তলা ও পঞ্চম তলায় প্রকৃত পরীক্ষার্থীর বদলে ওই দুজন পরীক্ষায় অংশ নেন। বিষয়টি নিয়ে পরীক্ষকের সন্দেহ হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা দুজনই জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। পরে তাঁদের ত্রিশাল থানায় সোপর্দ করা হয়।

ত্রিশাল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পরীক্ষায় জালিয়াতির বিষয়টি স্বীকার করায় তাঁদের দুজনকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসনে জান্নাতের ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দেন। তাঁদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। দণ্ডপ্রাপ্ত দুজন নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও উর্দু বিভাগের শিক্ষার্থী বলে পরিচয় দিলেও তাঁদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।