নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ২ নেতা আহত
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক আহত হয়েছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের আগমন উপলক্ষে টাঙানো ব্যানার খুলে নেওয়ার ঘটনায় ওই সংঘর্ষের পর ক্যাম্পাসে ছাত্রলীগের নির্ধারিত সমাবেশ হয়নি।বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ সূত্র জানায়, গতকাল বুধবার নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে সমাবেশ হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের। তাঁর আগমন উপলক্ষে গত রোববার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে সড়কের গাছের সঙ্গে কয়েকটি ব্যানার ঝুলিয়ে দেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব হোসেন। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের (রানা) নেতৃত্বে নেতা-কর্মীরা গত সোমবার সেগুলো খুলে ফেলেন বলে অভিযোগ ওঠে। এ খবর জানতে পেরে সজীব গতকাল সকালে ঘটনাস্থলে গেলে তরিকুলসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে গালমন্দ করেন। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে মাথায় লাঠির আঘাতে আহত হন বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল। সংঘর্ষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুলও আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাকিবুল হাসান বলেন, বহিরাগত সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে ছাত্রলীগের নেতা তরিকুল আহত হয়েছেন। প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল করেছেন।ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন দাবি করে বলেন, ‘মারামারির ঘটনা শুনেছি। তবে কারা এর সঙ্গে জড়িত, তা জানি না।’বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এ এইচ এম কামাল বলেন, ‘ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে ক্যাম্পাসের ভেতরে সমাবেশের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কোনো অনুমতি নেয়নি। শুনেছি, সমাবেশ বাতিল করা হয়েছে।’