নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহত সহপাঠীকে হাসপাতালে পাঠাতে দেরি করায় গতকাল শনিবার ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছেন। প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, গতকাল সন্ধ্যায় সরস্বতী পূজাকে ঘিরে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থাপনা করার সময় আকস্মিকভাবে মঞ্চে পড়ে যান অনুষ্ঠানের উপস্থাপক ও বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী তন্বী চক্রবর্তী। মঞ্চের পাটাতন স্থায়ীভাবে সিমেন্ট দিয়ে তৈরি করায় ওই শিক্ষার্থী শরীরে আঘাত পান এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেন শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্স না থাকায় তাঁকে দ্রুততম সময়ে হাসপাতালে পাঠাতে বিলম্ব হয়। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে মঞ্চ ভাঙচুর ও অনুষ্ঠান পণ্ড করে দেন। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ছাত্রীকে হাসপাতালে পাঠাতে দেরি হওয়ার প্রতিবাদে উপাচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্যমতে, অ্যাম্বুলেন্সের জন্য দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে এলেও প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দেয়নি। অ্যাম্বুলেন্স থাকলে ওই শিক্ষার্থীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো যেত। শিক্ষার্থীরা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এ ছাড়া গতকালের ঘটনার প্রতিবাদে আজ ক্লাস ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছেন। এদিকে আহত ওই শিক্ষার্থীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক সুব্রত কুমার দে প্রথম আলোকে বলেন, ‘অনুষ্ঠান মঞ্চ থেকে পড়ে গিয়ে উপস্থাপক আহত হওয়ার পর শিক্ষার্থীরা ভাঙচুর শুরু করে। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।’এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাবীবুর রহমান প্রথম আলোকে জানান, ‘পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।’