নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ও এক নারী প্রভাষকের অপসারণ দাবির পক্ষে-বিপক্ষে গতকাল শনিবার ক্যাম্পাসে মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চার শিক্ষার্থী আহত হন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ওই শিক্ষক ও শিক্ষিকা একটি কক্ষে অবস্থান করার সময় কিছু শিক্ষার্থী কক্ষের বাইরে তালা লাগিয়ে দেন। শিক্ষার্থীদের দাবি, ওই শিক্ষকেরা অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। ক্যাম্পাস সূত্র জানায়, ওই শিক্ষক-শিক্ষিকাকে হেয় করার জন্য কক্ষের বাইরে তালা লাগানো হয়েছে—এ অভিযোগে কয়েকজন শিক্ষিকা ও শিক্ষার্থী ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেন। মানববন্ধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিছু শিক্ষার্থী ওই শিক্ষক-শিক্ষিকার অপসারণ দাবিতে মিছিল বের করেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী লাঠি নিয়ে মিছিলে হামলা চালান। অভিযুক্ত শিক্ষিকার স্বামী হামলায় নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সংগীত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র লিমন (২০), জুয়েল (১৯), শামীম (১৯) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র নাহিদ (২০) আহত হন। তাঁদের মধ্যে লিমন ও শামীমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের বিজ্ঞান ও কলাভবনে ঢুকিয়ে দেয়। ওই সময় শিক্ষার্থীরা ভবনের দরজা-জানালার কাচ ও বেঞ্চ ভাঙচুর করেন। এদিকে অভিযুক্ত শিক্ষিকা এক সংবাদ সম্মেলনে বলেন, কিছু শিক্ষক ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধে এ ঘটনা ঘটিয়েছেন। তাঁর দাবি, তিনি ওই অধ্যাপকের সঙ্গে পরীক্ষাসংক্রান্ত বিষয়ে কথা বলছিলেন।