নজরুল বিশ্ববিদ্যালয়ের দুঃখ যে সেতু
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সুতিয়া নদীর ওপর সেতুর নির্মাণকাজ আড়াই বছরেও শেষ হয়নি। অথচ এটি নির্মাণের কথা ছিল ১০ মাসে। এ কারণে ত্রিশালসহ আশপাশের এলাকার কয়েক লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের ভোগান্তি সবচেয়ে বেশি। সেতু না থাকায় প্রতিদিন তাঁদের বাড়তি খরচ করে কর্মস্থলে যাওয়া-আসা করতে হয়।বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এ এইচ এম কালাম বলেন, এক কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সেতুর কাজ শেষ না হওয়ায় শুধু নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আড়াই বছরে রিকশা ও ভ্যানভাড়া বাবদ খরচ হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। তিনি আক্ষেপ করে বলেন, ‘এই টাকা দিয়ে এ রকম দুটি সেতু বানানো যেত।’কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ক্যাম্পাসে পর্যাপ্ত আবাসন সুবিধা না থাকায় অনেক শিক্ষার্থী ময়মনসিংহ শহর ও ভালুকা সদরে থাকেন। তাঁরা প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ছয়টি বাসে করে ময়মনসিংহ শহর থেকে এবং দুটি বাসে করে ভালুকা সদর থেকে ক্যাম্পাসে আসেন।সেতু না থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এসে শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া হয়। পরে তাঁরা অস্থায়ী কাঠের সাঁকো পার হয়ে দেড় কিলোমিটার পথ হেঁটে অথবা ভ্যান বা রিকশায় করে ক্যাম্পাসে যান। এ জন্য শিক্ষার্থীদের প্রতিদিন ভাড়া বাবদ জনপ্রতি অন্তত ২০ টাকা খরচ করতে হয়। জানা গেছে, ২০১০ সালের মার্চে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে সুতিয়ার নদীর ওপর সেতুটি ভেঙে নতুন করে নির্মাণকাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ১০ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখনো ৩০ শতাংশ নির্মাণকাজ বাকি।ত্রিশাল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ বলেন, ‘আমরা ঠিকাদারকে বারবার তাগাদা দিচ্ছি। কাজ শেষ হয়েও হচ্ছে না।’ জানতে চাইলে সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী সাইফুল করিম প্রথম আলোকে বলেন, ‘টাকার জন্য যথাসময়ে সেতুর কাজ শেষ করা যায়নি। টাকা আদৌ পাব কি না জানি না। তবুও আমি কাজ শেষ করব।’