নজরুল, রবীন্দ্র ও বঙ্গবন্ধুকে একসঙ্গে চর্চার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে নজরুলমঞ্চে গতকাল অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন কবির নাতনি খিলখিল কাজী l ছবি: প্রথম আলো
কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে নজরুলমঞ্চে গতকাল অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন কবির নাতনি খিলখিল কাজী l ছবি: প্রথম আলো

নজরুলকে একা চর্চা করা হলে তা হবে খণ্ডিত। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একত্রে চর্চা করতে হবে। তাহলে বাঙালি জাতির সঠিক মানচিত্র পাওয়া যাবে। তাহলেই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে বক্তারা এ কথা বলেন। গতকাল শুক্রবার নজরুল একাডেমি মাঠে জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে নজরুল-স্মারক বক্তা ছিলেন নজরুলের নাতনি খিলখিল কাজী। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাংসদ বেগম রওশন এরশাদের। তিনি অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি বলে জানান ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম। তিনি রওশন এরশাদের পক্ষ থেকে পাঠানো একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
ফখরুল ইমাম বলেন, নজরুল ছিলেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবচেয়ে বড় কলমযোদ্ধা। সাহিত্যজীবনে তিনি মানুষের জয়গান গেয়েছেন।
দ্বিতীয় দিনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সাংসদ রেজা আলী।
উপাচার্য মোহীত উল আলম বলেন, বাঙালি জাতির সঠিক মানচিত্র পেতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একত্রে চর্চা করতে হবে। তাহলেই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।