নজরুল হলের জমি ইজারা পেল বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হলের মধ্যে শহীদ নজরুল ইসলাম হলের জায়গা গতকাল বুধবার এক বছরের জন্য ইজারা পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে গতকালও অবস্থান ধর্মঘট পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ‘হল উদ্ধার কমিটির’ প্রতিবেদন অনুযায়ী এক লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে আগামী এক বছরের জন্য শহীদ নজরুল ইসলাম হলের জায়গা ইজারা দিয়েছে সরকার। ঢাকা জেলা প্রশাসক যেকোনো দিন দখলদারদের উচ্ছেদ করে হলটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দেবেন। এ ছাড়া আজমল হোসেন হল দখলদারদের আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়েছে। অন্যথায় ওই হলের জমিও বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করবে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগ্রাম পরিষদ। সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। কর্মসূচি চলে বেলা ১১টা পর্যন্ত। হল উদ্ধার সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আই শিশির সাংবাদিকদের বলেন, দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।