নজরুল হলের জমি ইজারা পেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া শহীদ নজরুল ইসলাম হলের জমি ক্যাম্পাস কর্তৃপক্ষকে এক বছরের জন্য ইজারা দিয়েছে সরকার।

সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ‘হল উদ্ধার কমিটির’ প্রতিবেদন অনুযায়ী এক লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে এক বছরের জন্য শহীদ নজরুল ইসলাম হলের জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইজারা দিয়েছে সরকার। ঢাকা জেলা প্রশাসক যেকোনো দিন দখলকারীদের উচ্ছেদ করে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দেবে। এ ছাড়া আগামীকাল বিকেলের মধ্যে আজমল হোসেন হল দখলকারীদের বৈধ কাগজপত্র জেলা প্রশাসককে দেখাতে বলা হয়েছে। অন্যথায় ওই হলের জমিটিও বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করবে শিক্ষা মন্ত্রণালয়ের ‘হল উদ্ধার কমিটি’।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরের দাবিতে আজ অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবারও ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ’।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল নয়টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হল উদ্ধার সংগ্রাম পরিষদ। সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক ও কর্মকর্তা ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। কর্মসূচি চলে বেলা ১১টা পর্যন্ত।
হল উদ্ধার সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ও শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আই শিশির সাংবাদিকদের বলেন, দাবি আদায়ে আগামীকাল সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করবেন শিক্ষার্থীরা।