নজরুলকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার খবর অস্বীকার র্যাবের
নারায়ণগঞ্জের নিহত কাউন্সিলর নজরুল ইসলামকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তর থেকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া-সংক্রান্ত তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান। গতকাল রোববার র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
গতকাল রোববার ‘নজরুলকে ধরার নির্দেশ দেয় র্যাব সদর দপ্তর’ শিরোনামে প্রথম আলোতে খবর প্রকাশিত হওয়ার পর মহাপরিচালক এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করেন। মোখলেছুর রহমান বলেন, সুনির্দিষ্টভাবে কাউকে ধরার জন্য র্যাব সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয় না। অধিনায়কদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। এখানে সুনির্দিষ্টভাবে কাউকে নির্দেশ দেওয়া হয়েছে বলে যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। ১০ বছর ধরে র্যাব অপরাধী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে সাফল্য দেখিয়ে যাচ্ছে। কিন্তু আজকে সেই সংস্থার বিরুদ্ধে লেখা হচ্ছে। কোনো সংস্থার যে কেউ অপরাধ করতে পারেন। অপরাধ করলে সংস্থায় আইনি ব্যবস্থা নেওয়ারও বিধান আছে। সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু ব্যক্তিগতভাবে কেউ দায়ী হলে তা নিয়ে সংস্থাকে দায়ী করা হলে, সেটা ঠিক হবে না।
মহাপরিচালক বলেন, ‘সাত খুনের ঘটনার পরপরই আমরা নিজেদের মাধ্যমে তদন্ত করি। আমরা সেই তথ্য যথাযথ কর্তৃপক্ষকে জানাই। আমরা কখনো তাদের আশ্রয় দিইনি। আমরা বলে আসছি, যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা সেটা করেছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আমরা গ্রেপ্তারে সহায়তা করেছি।’
প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ঘটনার পরপরই তাঁরা জেনেছেন। আগে থেকে কিছুই জানতেন না। জানার পর জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা সব অস্বীকার করেন। তিনি বলেন, যারা ঘটিয়েছে তারা ব্যক্তিগতভাবেই এ ঘটনা ঘটিয়েছে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক নজরুলকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন বলে যা বলা হচ্ছে, সেটা ঠিক না।
১৬৪ ধারার জবানবন্দি প্রকাশ হওয়া প্রসঙ্গে মহাপরিচালক বলেন, ‘এটা তদন্তাধীন বিষয়। যত দিন পর্যন্ত তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া না হয়, তত দিন এটা প্রকাশিত হওয়ার কথা নয়। এখন যেসব কথা বলা হচ্ছে, তা আদৌ জবানবন্দিতে আছে কি না, আমার জানা নেই। এটা কীভাবে প্রকাশিত হলো আমি সেটা জানি না।’
ঘটনার জন্য পুরো বাহিনীকে দোষারোপ না করার আহ্বান জানিয়ে র্যাবের মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হলে দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবে।