
নারায়ণগঞ্জের নিহত কাউন্সিলর নজরুল ইসলামকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তর থেকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া-সংক্রান্ত তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান। আজ রোববার র্যাব সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।
মোখলেছুর রহমানের ভাষ্য, সুনির্দিষ্টভাবে কাউকে ধরার জন্য র্যাব সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয় না। অধিনায়কদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নিতে তাঁদের নির্দেশনা দেওয়া হয়। কাকে ধরা হবে বা হবে না, সেটা অধিনায়কদের বিবেচনা।
নারায়ণগঞ্জে সাত খুনের বিষয়ে র্যাবের মহাপরিচালকের দাবি, ঘটনা জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব জানিয়েছে র্যাব। কোনো কিছুই গোপন করা হয়নি। সঠিক তথ্য জেনে সত্য উদঘাটনে সহায়তা করেছে র্যাব।
মোখলেছুর রহমান আরও দাবি করেন, আসামি গ্রেপ্তার এবং মামলাসংশ্লিষ্ট বিষয়ে পুলিশকে সহায়তা করেছে র্যাব।
ঘটনার জন্য পুরো বাহিনীকে দোষারোপ না করে অপরাধীদের বিষয়ে লেখালেখি করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান র্যাবের মহাপরিচালক। তাঁর মতে, প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হলে দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবে।
নজরুলকে ধরার নির্দেশ
র্যাবের সদর দপ্তর থেকেই কাউন্সিলর নজরুলকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান র্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক (সিও) লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদকে এ নির্দেশ দিয়েছিলেন গত মার্চে। নজরুলকে অপহরণ ও হত্যা করা হয় পরের মাস এপ্রিলের শেষ দিকে।
বহুল আলোচিত সাত খুন মামলার অন্যতম আসামি লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ১৬৪ ধারায় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একই মামলার আরেক আসামি র্যাব-১১-এর সাবেক উপ-অধিনায়ক মেজর আরিফ হোসেন আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, আটকের পর প্রত্যক্ষদর্শীসহ সাতজনকেই গুম করার নির্দেশ দিয়েছিলেন তারেক সাঈদ। আর নজরুলের বিষয়ে নারায়ণগঞ্জ র্যাবকে সব ধরনের তথ্য দিয়েছেন আরেক কাউন্সিলর নূর হোসেন। মেজর আরিফ আরও দাবি করেছেন, সাতজনকে গুম করার পর তথ্যদাতা নূর হোসেনকেও মেরে ফেলার নির্দেশ দেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়া। কিন্তু পালিয়ে গিয়ে রক্ষা পান নূর হোসেন। অবশ্য তারেক সাঈদের জবানবন্দিতে এ কথার উল্লেখ নেই।
গত ৪ জুন আরিফ হোসেন এবং ১৮ জুন তারেক সাঈদ নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন।
আদালত সূত্র জানায়, অপহরণ এবং হত্যার পর গুম করার পুরো কাজটি নিজেই করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন আরিফ হোসেন। তারেক সাঈদের সরাসরি নির্দেশে এ কাজটি তিনি করেছেন বলেও জানিয়েছেন। আর অধিনায়কের বক্তব্য হচ্ছে, গুম করার নির্দেশ তিনি দেননি। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দুজনসহ মোট ২৬ জন গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে আছেন। ইতিমধ্যে জবানবন্দি দিয়েছেন ১৪ জন।
অপহরণের ঘটনা ঘটেছিল গত ২৭ এপ্রিল দুপুরে। জবানবন্দি অনুযায়ী, ওই রাতেই সাতজনকে হত্যা করে লাশ শীতলক্ষ্যায় ইট বেঁধে ডুবিয়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত এই মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি। নূর হোসেন কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে সেখানেই আছেন।