জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনের মঞ্চে লাল জামা আর লাল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে একদল শিশু। তারা সবাই নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী শিশুশিল্পী। ছোট ছোট এই শিল্পীর অনেকের চোখে চশমা, ঠিক যেন মাস্টারমশাই। একেবারে ছোট যারা, যাদের বয়স চার থেকে ছয় বছর, তারাও দাঁড়িয়েছে বেশ আয়েশ করে। সমবেত এই শিশুদের পেছন থেকে ভেসে এল সেতার, হারমোনিয়াম আর তবলার আওয়াজ। আর তখনই গা দুলিয়ে গেয়ে উঠল ওরা, ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝরণার মত চঞ্চল/ মোরা বিধাতার মত নির্ভয়/ মোরা প্রকৃতির মত স্বচ্ছ।’ নজরুলের এই গানটি এমন গলা ছেড়ে আর অত্যন্ত আত্মবিশ্বাসী সুরে শিশুরা গাইল মনে হলো, এই শিশুরাই ভবিষ্যতে নজরুলের দ্রোহ আর বিদ্রোহের আদর্শকে সামনে নিয়ে পথ চলবে।গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মদিন উদ্যাপন করল নজরুল ইনস্টিটিউট। আলোচনা, নজরুল পুরস্কার প্রদান আর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হলো নজরুলকে আর বরণ করা হলো নজরুলের জন্মদিনকে। নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা-পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। নজরুলের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করেন সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি খিলখিল কাজী ও পরিচালক রশীদ হায়দার। আলোচনা শেষে দেওয়া হয় জাতীয় কবির নামে প্রবর্তিত ‘নজরুল পুরস্কার’। এ বছর পুরস্কার পেয়েছেন নজরুল গবেষণায় অবদানের জন্য অধ্যাপক রাজিয়া সুলতানা ও নজরুলসংগীত সাধনার জন্য শিল্পী শাহীন সামাদ। পুরস্কার হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সম্মাননাপত্র ও ৫০ হাজার টাকা।এরপর ইনস্টিটিউট থেকে আবৃত্তি ও গানে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তারপর ছিল সাংস্কৃতিক-পর্ব। সাংস্কৃতিক আয়োজনের শুরুতে শিল্পীরা সমবেতভাবে গাইল, ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ ও ‘জয় হোক জয় হোক’ গান দুটি। এরপর ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতা আবৃত্তি। পরে প্রখ্যাত শিল্পীরা পরিবেশন করেন নজরুলের গান। সব শেষে ছিল কবিরুল ইসলাম ও তাঁর দলের পরিবেশনায় ‘কামাল পাশা’র নৃত্যরূপ।চারুকলায় বার্ষিক প্রদর্শনী শেষচারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ঢুকতেই দৃষ্টি কাড়ল একজোড়া মোরগ-মুরগি মুখোমুখি বসে আছে। একটু এগিয়ে যেতেই কিছু মানুষের অবয়ব। দেয়ালে সাজানো ক্যানভাসে মিলল দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ। অদম্য উৎসাহে নিজের পা ঘুরিয়ে মাথা স্পর্শ করার চেষ্টায় সচেষ্ট এক বালিকা। এমনই সব শিল্পকর্ম ও চিত্রকর্ম দিয়ে নিজেদের উপস্থাপন করেছে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী গতকাল শেষ হয়েছে। এ প্রদর্শনীতে বিচিত্র শিল্পকর্ম স্থান পেয়েছিল। শিক্ষার্থীদের কাজের মধ্যে নিরীক্ষাধর্মী কাজের সংখ্যাই বেশি ছিল। প্রতি বিভাগেরই কিছু কিছু শিক্ষার্থীকে তাঁদের কাজের জন্য পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন সুমন কুমার বড়াল, সোমা সুরভী জান্নাত, আবদুল্লাহ-আল-বশির, পূর্ণিমা মণ্ডল, রাজীব কুমার সাহা, সনদ কুমার বিশ্বাস, আরিফা খানম, ফারহানা রাজ্জাক। শ্রেষ্ঠ মাধ্যম পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন পারভেজ হাসান, সৈয়দ ফিদা হোসেন, রিয়াদ হোসেন ও আরিফুল ইসলাম। নিরীক্ষাধর্মী কাজ ও বিভাগীয় মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন কামালুদ্দিন ও নয়ন কুমার অধিকারী; নিত্যানন্দ গাইন ও রুমানা রহমান; গোপাল চন্দ্র সাহা ও সুকান্ত মধু; তিরানা খান ও সাদিয়া মিজান; অনন্যা দে ও সৈয়দা ফারজানা হোসেন; রেদওয়ানুল আলম ও সৈয়দ তারেক রহমান; সন্দ্বীপ কুমার দেবনাথ ও ঋতুপর্ণা ধর এবং রুক্সমিনি রিকভানা কিউ চৌধুরী ।আকাশের একক আলোকচিত্র প্রদর্শনীর আজ উদ্বোধনবেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ থেকে আলোকচিত্রী জিএমবি আকাশের ‘অন্তর ভূমি’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে। আজ সন্ধ্যা ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস্ হেরেন। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। গতকাল দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আলোকচিত্রী জিএমবি আকাশ, প্রদর্শনীর কিউরেটর আমিরুল রাজীব এবং বেঙ্গল ফাউন্ডেশনের ঊর্ধ্বতন ব্যবস্থাপক তাজমী নূর বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে আলোকচিত্রের সংখ্যা ৪২টি। প্রদর্শনী ১০ জুন পর্যন্ত প্রতি দিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।